নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনয়শিল্পী কেয়া পায়েল। কয়েক বছরের ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
তবে সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এ ‘মেহেরীন’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এই চরিত্র তাকে এনে দিয়েছে ব্যাপক দর্শকপ্রিয়তা ও ভালোবাসা।
সম্প্রতি দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপে নিজের অভিজ্ঞতা, জনপ্রিয়তা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তিনি।
পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই ধারাবাহিকটি প্রচারিত হচ্ছে চ্যানেল আই-এ এবং ইউটিউবেও। নাটকটিতে একঝাঁক জনপ্রিয় শিল্পীর পাশাপাশি কেয়া পায়েলের অভিনয় বিশেষভাবে দর্শকদের নজর কেড়েছে।
নাটকটির সাফল্য নিয়ে কেয়া পায়েল বলেন, ‘অনেক নাটকে অভিনয় করেছি, কিন্তু এইভাবে কোনো নাটকের জন্য সাড়া পাইনি। বিশেষ করে ধারাবাহিক নাটক। ভাবিনি নাটকটি এতটা জনপ্রিয়তা পাবে, এতটা ভালোবাসা পাব।’
‘মেহেরীন’ চরিত্রের জনপ্রিয়তা প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন যেখানে যাই, মানুষ আমাকে নাটকের চরিত্রের নাম ধরে ডাকে। সবাই আমাকে “মেহেরীন” নামে ডাকে। এটা আমার জন্য বড় পাওয়া। একটি নাটক সফল হলে এবং চরিত্রের নামে মানুষ চিনলে বুঝি—কাজটি দর্শকের কাছে পৌঁছেছে।’
দর্শকদের প্রতিক্রিয়া নিয়েও উচ্ছ্বসিত এই অভিনেত্রী। তিনি বলেন, ‘দর্শকরা সবসময় জানতে চান পরের পর্বে কী হবে। তারা অসাধারণ প্রশংসা করেন। মজার বিষয় হলো, তারা আমাকে কেয়া পায়েল না বলে “মেহেরীন” বলেই ডাকেন।’
ক্যারিয়ারে এমন সাড়া আগে পেয়েছেন কি না—এ প্রশ্নে তার সরল জবাব, ‘না, এভাবে প্রশংসা পাওয়া যায়, আগে ধারণা ছিল না।’
নাটকের সহশিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন তিনি। বলেন, ‘অনেকদিন ধরে শুটিং করেছি। ইরফান সাজ্জাদ, সুনেরাহ, খায়রুল বাসার—সবাই মিলে দারুণ সময় কেটেছে। কাজ করতে করতে সবার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। পুরো প্রক্রিয়াটা খুব উপভোগ করেছি।’
পরিচালক রাজ সম্পর্কে তিনি বলেন, ‘রাজ ভাইয়ার সঙ্গে আগেও কাজ করেছি। তবে এবার ধারাবাহিক করলাম। তিনি খুব পরিশ্রমী ও মেধাবী একজন পরিচালক। দর্শকরা কী চান, সেটা তিনি ভালো বোঝেন। এই নাটকে তিনি সত্যিই পরিচালনার ম্যাজিক দেখিয়েছেন।’
সম্প্রতি মেরিল-প্রথম আলো পুরস্কারে এই নাটকের জন্য দর্শক জরিপে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কেয়া পায়েল। এ বিষয়ে তিনি বলেন, ‘সত্যি বলতে এমন একটি স্বীকৃতি পেয়ে খুব ভালো লাগছে। এজন্য পরিচালক রাজ ভাইয়াকে ধন্যবাদ।’
কোন ধরনের চরিত্রে কাজ করতে আগ্রহী—এ প্রশ্নে তিনি জানান, ‘যেসব চরিত্রে অভিনয়ের সুযোগ থাকে, যেখানে চ্যালেঞ্জ নেওয়া যায়—সেসব চরিত্র আমাকে বেশি টানে।’
একটি চরিত্রের জন্য প্রস্তুতি প্রসঙ্গে কেয়া বলেন, ‘আমি অনেক ভাবি, পুরোপুরি প্রস্তুতি নিই। তারপর শুটিংয়ে যাই।’
বর্তমান ব্যস্ততা নিয়ে তিনি বলেন, ‘এখন ঈদের নাটকের শুটিং নিয়েই ব্যস্ত সময় যাচ্ছে। আশা করছি, আগামী ঈদে দর্শকরা আমাকে ভালো কিছু নাটকে দেখতে পাবেন।’

