জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক (গ্রেড-২০) পদে জালিয়াতির মাধ্যমে যোগদান করতে এসে চারজন আটক হয়েছেন। তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ করা হয়েছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আজ রোববার সকালে চাকরিতে যোগ দিতে সচিবালয়ে এলে চার প্রার্থীর চেহারার সঙ্গে মৌখিক পরীক্ষার দিন তোলা ছবির মিল না পাওয়ায় প্রক্সি পরীক্ষার জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করেন, তাদের হয়ে অন্য ব্যক্তিরা মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এ ছাড়া তারা লিখিতভাবেও নিজেদের দোষ স্বীকার করেছেন।
অভিযুক্তরা হলেন—টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ মান্দিয়া গ্রামের মো. আ. আলিম, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাস কাওলিয়া গ্রামের মো. আলী হায়দার, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গোপালপুর মণ্ডলতারী গ্রামের মো. রাসেল রানা লিটন ও গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী গ্রামের মো. মাসুদ ফকির।
মন্ত্রণালয় সূত্র জানায়, গত ৫ মে সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩) ও অফিস সহায়ক (গ্রেড-২০) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। অফিস সহায়ক পদের জন্য ২৩ হাজার ৭০৯ জন আবেদন করেন। লিখিত পরীক্ষায় মোট ৯ হাজার ৩১৮ জন অংশ নেন। তাদের মধ্যে ১০৭ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন।

