শিক্ষার্থীদের আন্দোলনে সালমান খানের সমর্থন

বলিউড সুপারস্টার সালমান খান ভারতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, প্রশ্নফাঁসের মতো গুরুতর সমস্যা নিয়ে শিক্ষার্থীরা যেভাবে শান্তিপূর্ণভাবে ঐক্যবদ্ধ হয়েছে, তা প্রশংসার যোগ্য। একই সঙ্গে আন্দোলনে আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সমবেদনাও প্রকাশ করেছেন তিনি।

বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সালমান খান লেখেন, ‘এটি ছিল একটি শান্তিপূর্ণ আন্দোলন। কিন্তু এটি সহিংসতায় রূপ নেওয়ায় খুবই খারাপ লাগছে। আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা। প্রশ্নফাঁস অত্যন্ত গুরুতর একটি সমস্যা। দেশের শিক্ষার্থীরা উন্নত শিক্ষা ব্যবস্থার দাবিতে একসঙ্গে দাঁড়িয়েছে—এটি দেখে আমি আনন্দিত। তাদের পাশে অভিভাবকেরাও আছেন।’

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এই অবস্থান তাদের নিষ্ঠা, আন্তরিকতা ও কঠোর পরিশ্রম করে ভবিষ্যৎ গড়ার ইচ্ছারই প্রতিফলন।

তার ভাষায়, ‘এই আন্দোলনই সঠিক পথ। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি জানিয়েছে। তাদের সাহস ও দৃঢ়তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। শিক্ষা নিয়ে এই প্রজন্মের আগ্রহ ভবিষ্যতে ভারতকে আরও শক্তিশালী করবে।’

সালমান খান সতর্ক করেন, শিক্ষার্থীদের এই আন্দোলন যেন রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করা হয়। তিনি বলেন, ‘এটি শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার মধ্যকার একটি বিষয়। এর কৃতিত্ব কেবল শিক্ষার্থীদেরই প্রাপ্য। আমি বিশ্বাস করি, সরকারও তাদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এতে সবারই লাভ হবে।’

গত কয়েক দিনে হৃতিক রোশন, দিলজিৎ দোসাঞ্জ, নাসিরুদ্দিন শাহ, সোনাক্ষী সিনহা, রত্না পাঠক শাহ, শাবানা আজমি, প্রকাশ রাজ, টোভিনো থমাস ও অতুল কুলকার্নিসহ আরও অনেক তারকাও শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে চাকরির পরীক্ষায় অনিয়ম, বিশেষ করে প্রশ্নফাঁসের অভিযোগ, শিক্ষা ব্যবস্থার সংস্কার ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। পরবর্তীতে আন্দোলনে যোগ দেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। পরে রাজধানীতে অনুষ্ঠিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে বলপ্রয়োগ করে।

Related Articles

Latest Posts