শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় কারাগারে মাদ্রাসাশিক্ষক

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ১২ বছর বয়সী শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিব দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার শাহজালাল হক (২৩) কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সরকারটারী কচারডেরা গ্রামের বাসিন্দা।

ওসি নাজমুস সাকিব বলেন, ঘটনাটি জানাজানি হওয়ার পর গতকাল শুক্রবার রাতে স্থানীয় লোকজন অভিযুক্ত মাদ্রাসাশিক্ষককে জিজ্ঞাসাবাদ করলে তিনি দোষ স্বীকার করেন। পরে ক্ষুব্ধ জনতা তাকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ শাহজালালকে হেফাজতে নেয়।

তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই শিক্ষার্থীর বাবার করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। খুব দ্রুতই এই মামলার চার্জশিট আদালতে দেওয়া হবে।

Related Articles

Latest Posts