চট্টগ্রামে বাবা-মাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় নিজ বাড়িতে বাবা-মাকে কুপিয়ে হত্যার অভিযোগে একমাত্র ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে উপজেলার হাইলধর ইউনিয়নের পূর্ব গুজরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—স্বপন দাস গুপ্ত (৬৫) ও তার স্ত্রী কল্পনা দাস (৫০)। এ ঘটনায় দম্পতির একমাত্র ছেলে রোমিও দাস গুপ্তকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশের আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ছেলেটির বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগ রয়েছে। বাবা-মা তার ওপর অসন্তুষ্ট ছিলেন। কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মা ও বাবাকে কুপিয়ে জখম করে রোমিও দাস। ঘটনাস্থলেই মারা যান তার মা। আর স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান বাবা স্বপন দাস।’

এএসপি মাহমুদুল হাসান আরও জানান, ঘটনার পর নিজের ঘরেই ছিলেন রোমিও। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় তাকে। হত্যায় ব্যবহৃত অস্ত্রটিও জব্দ করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এএসপি।

Related Articles

Latest Posts