যারা কাজ করে তাদের আলোচনা কম, সমালোচনা বেশি হয়: শাহে আলম

রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন রাখতে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, ‘আপনারা খেয়াল করবেন, পরিচ্ছন্নকর্মীরা ময়লা নিয়ে যাচ্ছে, পেছনে পেছনে সাধারণ মানুষ ময়লা ফেলে যাচ্ছে। তাহলে তো আপনাদেরকে পরিষ্কার সিটি আমরা উপহার দিতে পারবো না!’

আজ শুক্রবার সকালে দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা জেলা প্রশাসন ও বিডি ক্লিনের উদ্যোগে খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এ কথা বলেন।

বিডি ক্লিনের স্বেচ্ছাসেবার প্রশংসা করে শাহে আলম বলেন, ‘বাংলাদেশে যারা কাজ করে তাদের আলোচনা কম হয়, সমালোচনা বেশি হয়। সমালোচনা তারাই করে, যারা বাসায় বসে কাজ করে না এবং ভালো কাজ যাদের সহ্য হয় না।’

‘সব কিছুর মধ্যেই আমরা দলবাজি এবং দলকে টেনে নিয়ে আসার চেষ্টা করি। বিডি ক্লিন একটি দল-নিরপেক্ষ সংগঠন। এই সংগঠনে ভিন্নমত, সহমত, বিভিন্ন মতের ব্যক্তিবর্গ থাকতে পারে। কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই যে, আমরা ক্লিন বাংলাদেশ, গ্রিন বাংলাদেশ গড়তে চাই। এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের স্লোগান,’ যোগ করেন তিনি।

পরিচ্ছন্ন কার্যক্রমে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সাধারণ মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

শাহে আলম জানান, মানুষের চলাচলের সুবিধায় ঢাকা নগরীর চারদিকে আট লেনের রাস্তা নির্মাণ ও নদীগুলোতে নৌ চলাচল শুরু করবে সরকার।

বিএনপি মানুষের ভোটে নির্বাচিত জনগণের সরকার উল্লেখ করে তিনি বলেন, আমরা কখনোই আপনাদের বলবো না যে, বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে দেবো। বলবো না আমরা আপনাদের কানাডা উপহার দেবো, আমেরিকা বানিয়ে দেবো, উন্নত বিশ্বের একটি রাষ্ট্র বানিয়ে দেবো।

‘আমরা শুধু এইটুকুই বলতে চাই, আমাদের দেশটি যে রকম আছে আমরা সে রকমই রাখব। একটু ভালো করব, বাসযোগ্য করব, পরিষ্কার রাখবো, গ্রিন করব। বাংলাদেশ যাতে মানুষের কাছে একটি সুন্দর দেশ হিসেবে পরিচিত হয় এবং এই লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে,’ যোগ করেন তিনি।

এ সময় ঢাকার জেলা প্রশাসক ফরিদা বেগম, সংসদ সদস্য হামিদুর রহমান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম বক্তব্য রাখেন।

Related Articles

Latest Posts