যশোরে দুর্বৃত্তদের হামলায় একাধিক মামলার আসামি জিতু নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। নিহত জিতু (৩৫) শহরের বারান্দীপাড়া এলাকার মোল্লাপাড়ার বাসিন্দা ছিলেন।
পুলিশ জানায়, রাত ১১টার দিকে বারান্দীপাড়ার ফুলতলা মোড় এলাকায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা জিতুর ওপর হামলা চালায়।
হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে এবং তাকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে কোতোয়ালি থানা পুলিশ তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা জিতুকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। তবে অ্যাম্বুলেন্সটি নড়াইলে পৌঁছালে পথেই তার মৃত্যু হয় বলে জানান পরিবারের সদস্যরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জিতুর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, জিতু একজন তালিকাভুক্ত অপরাধী ছিলেন এবং তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও হামলাসহ একাধিক মামলা ছিল।
তিনি বলেন, পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জেরে এই হামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং দায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

