মন্ত্রী-প্রতিমন্ত্রী হচ্ছেন আরও ৪ সংসদ সদস্য, শপথ হতে পারে আজই

বিএনপি সরকারের মন্ত্রিসভায় আরও ৪ সংসদ সদস্য যোগ দিচ্ছেন বলে জানা গেছে। তাদের মধ্যে ৩ জন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে তারা শপথ নেওয়ার কথা।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি ভিন্ন সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আজ সন্ধ্যায় শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি শপথ নেওয়ার পরই মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথগ্রহণ করবেন।

বিএনপির সূত্র জানায়, মন্ত্রী হিসেবে শপথ নেবেন আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরি এবং প্রতিমন্ত্রী হিসেবে শামীম কায়সার লিংকন।

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি।

সূত্র আরও জানায়, মন্ত্রিপরিষদ বিভাগ ইতোমধ্যে সম্ভাব্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করে সন্ধ্যায় তাদের বঙ্গভবনে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান নরসিংদী-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য।

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক।

আর শামীম কায়সার লিংকন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ উপজেলা) আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য।

Related Articles

Latest Posts