মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

রাজধানীর মোহাম্মদপুরে বিএনপির এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

আহত নুরুল ইসলাম (৫৫) মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক।

আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর সড়কে তার বাসার সামনে এ ঘটনা ঘটে।

নুরুলের ছোট ভাই বিল্লাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, তিনটি মোটরসাইকেলে ছয়জন এসে ভাইয়ার মুখ, কাঁধ ও বাম হাতে এলোপাতাড়ি কোপ দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নুরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও বলেন, হামলার কারণ বা এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে আমরা কিছুই জানি না। রাজনীতির পাশাপাশি নুরুল বর্জ্য সংগ্রহের ঠিকাদারির কাজ করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ডেইলি স্টারকে বলেন, বিএনপি নেতা নুরুলের মুখ ও কাঁধসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
 

Related Articles

Latest Posts