জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে ‘ভুক্তভোগী মানুষের প্রতিবাদের কণ্ঠ’ হিসেবে অভিহিত করেছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান বলেন, ‘কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়।’
তিনি বলেন, বিমানবন্দরে যাত্রী সাধারণের দুর্ভোগ-ভোগান্তি, কর্তৃপক্ষের উদাসীনতা, অনিয়ম ও অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে আখতারুজ্জামান আওয়াজ তুলেছেন। কার্যত তিনি ভুক্তভোগী যাত্রী সাধারণ, বিশেষ করে বিদেশফেরত প্রবাসীদের প্রতিবাদের কণ্ঠে পরিণত হয়েছেন।
শফিকুর রহমান অভিযোগ করেন, তার এই প্রতিবাদকে আমলে নিয়ে বিমানবন্দরের দুর্বলতাগুলো সংশোধনের পরিবর্তে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
‘এমনকি দুইবারের সাবেক সংসদ সদস্য এবং একজন বীর মুক্তিযোদ্ধাকে জনসম্মুখে অপমানিত করার নানা হীন পদক্ষেপ নেওয়া হয়েছে,’ বলেন তিনি।
জামায়াত আমির বলেন, জনগণ অন্ধ নয় এবং তারা সবকিছু দেখছে।
‘কার্যত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি বীরত্বের প্রমাণ দিয়েছেন এবং ভুক্তভোগী মানুষের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন,’ যোগ করেন শফিকুর রহমান।

