মুন্সিগঞ্জে দাদা-দাদির কবরের পাশে শায়িত রামিসা

আট বছরের শিশু রামিসাকে বুধবার রাতে মুন্সিগঞ্জে তাদের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, রাত প্রায় ৯টার দিকে জানাজা শেষে সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামের মোল্লাবাড়ি পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়।

দাফনের সময় আত্মীয়স্বজন, প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানিয়েছিল, মঙ্গলবার প্রতিবেশী সোহেল রানা রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করে

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, ‘৩১ বছর বয়সী প্রধান আসামি সোহেল ওই শিশুকে টয়লেটে নিয়ে প্রথমে ধর্ষণ করে। পরে তাকে গলা কেটে হত্যা করে বলে স্বীকার করেছে।’

এ ঘটনায় রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা করেন। ওই মামলায় সোহেল, তার স্ত্রী স্বপ্না আক্তার (২৬) এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়।

গ্রেপ্তারের পর বুধবার পুলিশ সোহেল ও স্বপ্নাকে ঢাকার একটি আদালতে হাজির করে। আদালত সূত্র জানায়, সোহেল ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছে।

এ মামলার অজ্ঞাত আসামি এখনো পলাতক।

Related Articles

Latest Posts