তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ‘ফুবাই একাডেমি নর্ম চেস টুর্নামেন্ট সিরিজ-৩ গ্র্যান্ডমাস্টার’ ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের ফাহাদ রহমান। পাশাপাশি ২২ বছর বয়সী এই আন্তর্জাতিক মাস্টার (আইএম) তার দ্বিতীয় জিএম (গ্র্যান্ডমাস্টার) নর্ম নিশ্চিত করেছেন।
বুধবার নবম তথা শেষ রাউন্ডের লড়াইয়ে জর্জিয়ার আইএম গাইওজ নিগালিদজের সাথে ড্র করেন ফাহাদ। ফলে পুরো টুর্নামেন্টে মোট ৭ পয়েন্ট সংগ্রহ করে তিনি যেমন শিরোপা জেতেন, দ্বিতীয় জিএম নর্মটিও ঝুলিতে ঢোকান।
এর আগে ২০২৪ সালের মার্চে ভিয়েতনামের হ্যানয়ে অনুষ্ঠিত ‘হ্যানয় গ্র্যান্ডমাস্টার্স দাবা টুর্নামেন্ট’ থেকে ফাহাদ তার প্রথম জিএম নর্মটি অর্জন করেছিলেন। দেশের ষষ্ঠ গ্র্যান্ডমাস্টার হওয়ার গৌরব অর্জন করতে তার এখনও একটি জিএম নর্ম প্রয়োজন। একইসঙ্গে ২৫০০ ফিদে রেটিং লাভ করতে হবে তাকে।
টুর্নামেন্টের অষ্টম ও নবম রাউন্ডের খেলাগুলো এদিন অনুষ্ঠিত হয়। অষ্টম রাউন্ডে ২৪২৪ রেটিংধারী ফাহাদ ইরানের আইএম আগা বালা আমিররেজাকে (রেটিং ২৪৫৩) পরাজিত করেন। ফলে জিএম নর্ম নিশ্চিত করার জন্য শেষ রাউন্ডে তার কেবল একটি ড্রয়ের প্রয়োজন ছিল।
এই প্রতিযোগিতায় বাংলাদেশ, জর্জিয়া, হাঙ্গেরি, ইরান, পোল্যান্ড ও তুরস্ক থেকে তিনজন জিএম, চারজন আইএম, দুজন ফিদে মাস্টার ও একজন ক্যান্ডিডেট মাস্টারসহ মোট ১০ জন দাবাড়ু অংশ নেন।
উল্লেখ্য, ইস্তাম্বুলে তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ফাহাদকে আর্থিক পৃষ্ঠপোষকতা প্রদান করছে পাকিজা গ্রুপ।

