মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুটের ঘটনায় গ্রেপ্তার ৪

রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন, সোহেল (২২), জুয়েল (২৩), জিহাদ হাসান (২১) ও রাব্বী (২০)।

আজ শনিবার দুপুরে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত রাতে মিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চারজনই হামলায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন জানিয়ে জাহাঙ্গীর বলেন, তাদের আদালতে পাঠানো হয়েছে।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

বৃহস্পতিবার ভোররাতে ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনা ঘটে।

অভিযোগ অনুসারে, মুখোশ পরে দেশীয় অস্ত্র হাতে দুই শতাধিক মানুষ স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করে প্রথমেই দুজন নিরাপত্তারক্ষীকে জিম্মি করে।

হামলাকারীরা ভারী যন্ত্রপাতি দিয়ে পুরো স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়ার আগে মূল্যবান সরঞ্জাম, ওষুধ, টিকা, নগদ অর্থ ও অন্যান্য জিনিসপত্র লুট করে।

স্বাস্থ্যকেন্দ্রের চত্বরে একটি স্থায়ী ভবন ও তিনটি আধা-পাকা স্থাপনা ছিল।

অভিযোগ উঠেছে, হামলাকারীরা ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট।

‘ভাঙচুর ও লুটপাটে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে,’ বলে দাবি করেছেন স্বাস্থ্যকেন্দ্রের নির্বাহী পরিচালক নাসরিন আখতার।

এ ঘটনায় তিনি শাহ আলী থানায় মামলা দায়ের করেছেন।

Related Articles

Latest Posts