মাদক চোরাকারবারির সঙ্গে যোগাযোগ ও অর্থ লেনদেনের অভিযোগে চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান এ-সংক্রান্ত অফিস আদেশ দেন।
সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন—শাহরাস্তি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসাইন, সহকারী উপপরিদর্শক (এএসআই) শহীদ উল্লাহ, কনস্টেবল শরিফ উদ্দিন ও ইসতিয়াক এবং গাড়িচালক নজরুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই শাহরাস্তি উপজেলার আয়নাতলি এলাকায় মাদক চোরাকারবারি হিসেবে পরিচিত মিজানুর রহমানকে আটক করেন স্থানীয়রা। পরে তার মোবাইল ফোনে কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে কথোপকথন ও অর্থ লেনদেনের তথ্য পাওয়া যায়। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে পুলিশ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় এসপি মো. মিজানুর রহমান তাদের সাময়িক বরখাস্তের আদেশ দেন।
এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাই পাঁচজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। চূড়ান্ত তদন্তে তারা অভিযুক্ত প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

