স্পেনের হয়ে খেলেন লামিনে ইয়ামাল। তবে বাবার সূত্রে মরক্কোর সঙ্গেও তার সম্পর্ক রয়েছে। আন্তর্জাতিক ফুটবলে স্পেনকে বেছে নেওয়ায় সেই মরক্কান পরিচয় নিয়ে মাঝেমধ্যেই কথা শুনতে হয় বার্সেলোনার তরুণ তারকাকে। এবার মাঠের মধ্যেই তাকে সেই প্রসঙ্গ টেনে খোঁচা দিলেন গেতাফের ডিফেন্ডার আবদেলকবির আবকার। যদিও প্রতিপক্ষের উসকানিতে পা দেননি ইয়ামাল।
গত শনিবার লা লিগায় বার্সেলোনা ও গেতাফের ম্যাচে ঘটে ঘটনাটি। ম্যাচের একপর্যায়ে রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানাচ্ছিলেন বার্সেলোনার ফুটবলাররা। ঠিক সেই সময় ইয়ামালের কাছে গিয়ে তার মরক্কান পরিচয় নিয়ে খোঁচা দিতে শুরু করেন আবকার।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ জানিয়েছে, মুভিস্টার প্লাসের ‘এল দিয়া দেসপুয়েস’ অনুষ্ঠানে প্রচারিত ফুটেজে দুই ফুটবলারের মধ্যে কী ঘটেছিল, তা উঠে এসেছে।
ঘটনার শুরু গেতাফের পেনাল্টি বক্সে। সেখানে গোলরক্ষক দাভিদ সোরিয়ার সঙ্গে সংঘর্ষ হয় ইয়ামালের। তবে ফাউলের বাঁশি বাজিয়ে বার্সেলোনার তরুণ ফরোয়ার্ডকেই দায়ী করেন রেফারি হেসুস গিল মানজানো। সিদ্ধান্তটি মেনে নিতে পারেননি বার্সেলোনার ফুটবলাররা। তাদের দাবি ছিল, ফাউল করেছেন গেতাফের গোলরক্ষকই।
সতীর্থদের সঙ্গে ইয়ামালও রেফারির কাছে নিজের আপত্তি জানাচ্ছিলেন। এমন সময় তার কাছে এগিয়ে আসেন গেতাফের ডিফেন্ডার আবকার। এরপর বার্সেলোনা তারকাকে উদ্দেশ করে বলতে থাকেন, ‘লামিনে, লামিনে, তুমি মরক্কোর হয়ে খেলতে চাও? লামিনে, তুমি সেটাই চাও।’
তবে তখন রেফারির সঙ্গে কথা বলাতেই বেশি মনোযোগ ছিল ইয়ামালের। আবকারকে হাত দিয়ে সরিয়ে আবারও রেফারির কাছে নিজের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেন তিনি। তাতেও থামেননি গেতাফের ডিফেন্ডার। ইয়ামালের পিছু নিয়ে একই কথা বলতে থাকেন।
শেষ পর্যন্ত অবশ্য কোনো জবাব দেননি ইয়ামাল। আবকারের কথায় কান না দিয়ে সেখান থেকে সরে যান বার্সেলোনার এই তরুণ। পুরো ঘটনার সময় রেফারিকেও কোনো প্রতিক্রিয়া দেখাতে দেখা যায়নি।

