ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে মারধর-বাঁশ নিয়ে তাড়া, ঠিকাদারের ব্যবস্থাপক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক উপ-সহকারী প্রকৌশলীকে মারধর ও বাঁশ দিয়ে তাড়া করার ঘটনায় মামলা হয়েছে। মামলায় অভিযুক্ত ঠিকাদারের ব্যবস্থাপককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত সোমবার রাতে ভুক্তভোগী প্রকৌশলী মির্জা মো. তরিকুল ইসলাম বাদী হয়ে নবীনগর থানায় মামলাটি দায়ের করেন বলে নিশ্চিত করেছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম।

এতে স্থানীয় ঠিকাদার লোকমান হোসেন ও তার গাড়িচালক বিল্লাল হোসেনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও চার থেকে পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ওসি জানান, এজাহারের ভিত্তিতে মামলাটি রেকর্ড করা হয়েছে। মামলার পর গতকাল রাতে অভিযুক্ত ঠিকাদারের ব্যবস্থাপক ফোরকানকে গ্রেপ্তার করা হয়েছে।

এলজিইডি ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবীনগরের মেরকুটা বাজার থেকে শিবপুর গ্রাম পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক নির্মাণ কাজ পায় রাজশাহীর বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

সড়কটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকা। ওই প্রতিষ্ঠানের হয়ে নির্মাণকাজ তদারকির দায়িত্বে ছিলেন স্থানীয় ঠিকাদার লোকমান হোসেন।

এই সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠায় গত সোমবার ঢাকা থেকে এলজিইডির একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শনে যায়।

এ সময় কাজের মান নিয়ে প্রশ্ন তুললে ঠিকাদার লোকমান হোসেন ও তার লোকজন প্রকৌশলী তরিকুল ইসলামের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান।

একপর্যায়ে প্রতিনিধিদলের সামনেই প্রকৌশলীকে মারধর করা হয় এবং ঠিকাদার লোকমান হাতে বাঁশ নিয়ে প্রকৌশলীকে তাড়া করেন। এ সময় প্রকৌশলী তরিকুল দৌড় দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

Related Articles

Latest Posts