নববর্ষ উপলক্ষে দেশীয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে দুটি ওয়েব ফিল্ম। ওয়েব ফিল্ম দুটিতে অভিনয় করেছেন প্রীতম হাসান, জেফার, সাফা কবির, পার্থ শেখসহ অনেকেই। এই ওয়েব ফিল্ম দুটি নিয়ে এই আয়োজন।
‘তুমি আমি শুধু’
বাংলা নববর্ষ উপলক্ষে পহেলা বৈশাখে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’। এতে প্রীতম হাসান ও জেফার রহমান জুটি হয়ে প্রথমবার পর্দায় অভিনয় করেছেন। এটি নির্মাণ করেছেন শিহাব শাহীন।
প্রীতম ও জেফার এবারই প্রথমবার কোনো ওয়েব ফিল্মে একসঙ্গে অভিনয় করছেন। তবে এর আগে শিহাব শাহীনের পরিচালনায় দুজনেরই অভিনয়ের অভিজ্ঞতা আছে।
প্রীতম অভিনয় করেছেন এই নির্মাতার ওয়েব ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’ এবং ‘ক্যাকটাস’ ওয়েব সিরিজে। জেফারকে দেখা গেছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ সিরিজে।
‘তুমি আমি শুধু’ ওয়েব ফিল্মে আরও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সমু চৌধুরী, মুনমুন আহমেদ, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ। পরিচালনার পাশাপাশি এর গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন শিহাব শাহীন।
‘চা গরম’
এসেছে নতুন ওয়েব ফিল্ম ‘চা গরম’। এটি বৈশাখের দিন আজ ১৪ এপ্রিল চরকিতে মুক্তি পেয়েছে। ফিল্মটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত এবং এতে অভিনয় করেছেন সাফা কবির, পার্থ শেখ, রেজওয়ান পারভেজ, সারাহ জাবিন অদিতি। এ ছাড়াও গল্পে আছেন এ কে আজাদ সেতু।
গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন সাইফুল্লাহ রিয়াদ।
পরিচালক শঙ্খ দাশগুপ্ত জানিয়েছেন, ছবিতে চা-বাগানের শ্রমিকদের দৈনন্দিন জীবন, তাদের অধিকার এবং জীবনমানের নানা দিক তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, ‘বাংলাদেশে চা-বাগান সবসময় ব্যাকড্রপ হিসেবে ব্যবহৃত হয়। আমরা এবার চা-বাগানের ভেতরে ঢুকেছি এবং শ্রমিকদের জীবন ও কাজের নানা দিক দেখানোর চেষ্টা করেছি। শুধু সৌন্দর্যই নয়, এবার বাস্তব জীবনের গল্পও ক্যাপচার করেছি।’
অভিনেত্রী সাফা কবির বলেন, ‘চা গরম-এর প্রতি আমার আগ্রহের অন্যতম কারণ পরিচালক শঙ্খ দাশগুপ্ত। তিনি সবসময় ভিন্ন ধরনের গল্প বলেন এবং তার কাজের মধ্যে স্পষ্ট দৃষ্টিভঙ্গি থাকে। গল্পটি সমাজের এমন একটি দিক তুলে ধরে, যা আমরা সাধারণত দেখতে পাই না।’
অভিনেতা পার্থ শেখ জানান, শঙ্খ দা আমাকে একটি চরিত্রের প্রস্তাব দিলেন। গল্প শুনে মনে হলো, এটি আমার জন্য ভালো সুযোগ এবং এর আগে তার সঙ্গে ফিকশনে কাজ করা হয়নি।

