ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মোস্তাফিজুর রহমানের বদলি হিসেবে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) যোগ দিয়ে বড় শাস্তির মুখে পড়লেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল ইসলামাবাদ ইউনাইটেডের সাথে চুক্তিবদ্ধ থাকার পরও আইপিএলকে বেছে নেওয়ায় তাকে দুই বছরের জন্য পিএসএল থেকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২৯ বছর বয়সী এই ডানহাতি পেসার আইপিএল এবং পিএসএল উভয় টুর্নামেন্টের নিলামেই অবিক্রীত ছিলেন। পরবর্তীতে পিএসএলের ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেড তাকে দলে ভেড়ানোর চুক্তি করে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনায় কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিলে মুজারাবানির সামনে আইপিএলের দরজা খুলে যায়। মোস্তাফিজের শূন্যস্থান পূরণে কেকেআর প্রস্তাব দিলে তিনি ইসলামাবাদের সাথে চুক্তি উপেক্ষা করে আইপিএল খেলতে ভারতে পাড়ি জমান।
গত বছর থেকে আইপিএল এবং পিএসএল প্রায় একই সময়ে অনুষ্ঠিত হয়ে আসছে। ফ্র্যাঞ্চাইজি লিগের এই সূচি জটিলতার কারণে যেকোনো আন্তর্জাতিক ক্রিকেটারের জন্য একই সাথে দুই লিগে অংশ নেওয়া কার্যত অসম্ভব। আর এ কারণেই মুজারাবানিকে যেকোনো একটি লিগ বেছে নিতে হতো।
মঙ্গলবার (১৪ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে মুজারাবানির এই সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পিসিবি। বিবৃতিতে বলা হয়, ‘একটি স্পষ্ট প্রস্তাব এবং প্রয়োজনীয় শর্তগুলো নিশ্চিতভাবে মেনে নেওয়ার পরও, খেলোয়াড়টি সাংঘর্ষিক একটি ব্যবস্থার পক্ষে গিয়ে নিজের বাধ্যবাধকতাগুলোকে অবজ্ঞা করেছেন।’
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘যথাযথ কারণ ছাড়াই এ ধরনের প্রতিশ্রুতি থেকে সরে আসার চেষ্টা মূলত চুক্তিভিত্তিক বাধ্যবাধকতা এবং বিশ্বজুড়ে পেশাদার ক্রীড়াঙ্গনে প্রচলিত পারস্পরিক আস্থার নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।’
অবশ্য পিএসএল ছেড়ে আইপিএলকে বেছে নেওয়া এবং এর জেরে নিষিদ্ধ হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। গত বছর দক্ষিণ আফ্রিকার পেসার করবিন বোশ পিএসএলের দল পেশোয়ার জালমির হয়ে চুক্তি করেও পরে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন। ওই চুক্তিভঙ্গের দায়ে তাকেও পিএসএলে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।

