‘বাকি জীবন বিএনপিতেই থাকতে চাই’ বিএনপিতে যোগ দিয়ে আ. লীগ নেতা

বাকি জীবন বিএনপির রাজনীতি করে যেতে চান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নরসিংদী জেলা শাখার উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলী আহমেদ দুলু।

তিনি বলেছেন, নরসিংদী-১ আসনে বিএনপির সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সম্মতিতে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার রায়পুরা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমন ঘোষণা দেন।

দুলু বলেন, ‘গত ২ ফেব্রুয়ারি খোকন ভাইয়ের (এমপি) কথামতো খোকন ভাইয়ের মাধ্যমে বিএনপিতে যোগদান করেছি। আগের সবগুলি ছাইড়া দিয়া, যে যেইডাই বলুক না ক্যান, কিন্তু যোগ দেওয়ার পরে আমি প্রেসক্লাবে বলি নাই। কাজেই আজকে আমাদের সেই খাইরুল কবির খোকন ভাই, নরসিংদী জেলা বিএনপির সভাপতি হিসেবে আমাকে অনুমতি দিয়েছেন যে, আপনি আপনার এলাকাতে প্রেসক্লাবে, সাংবাদিকদের নিয়া একটা মিটিং করেন, আলোচনা সভা করেন। সেই লক্ষ্যে আমার এই আজকের সাংবাদিক সম্মেলন।’

বক্তব্যে তিনি বলেন, ‘দুইবার আমাকে রাজু সাহেব (আওয়ামী লীগের সাবেক এমপি ও মন্ত্রী) জোর কইরা ফেল করাইছে (ইউপি নির্বাচনে) এবং আমাকে হয়রানি করেছে। আমাকে নির্বাচন অফিসে আটকে রেখেছে, অনেক হয়রানি হইছি। আমি কিন্তু কোনো দল করি নাই। আমি আওয়ামী লীগের সমর্থক ছিলাম।’

তিনি আরও বলেন, ‘আমি একসময় ছাত্রদল করতাম। ১৯৮১ সাল থেকে ছাত্রদল করতে গিয়ে আমি যখন চেয়ারম্যান হইলাম, তখন যে দল ক্ষমতায় যখন আসছে, সেই দলের পাশে ব্যালেন্স করে চলে আসছি। কিন্তু অরিজিনালি আমি বিএনপি ছোটবেলা থেকে করছি। আমার এলাকাতে এই যে আমার ভাইয়েরা আছেন, এরা সবাই বিএনপির লোক।’

আলী আহম্মেদ দুলু বলেন, ‘অরিজিনালি আমি বিএনপিতে ছিলাম, আমি ছাত্রদল করেছিলাম। এখন আমি আমার ঘরে ফিরে আসছি। এই বিএনপিতে আজকে আবার নতুন করে প্রেসক্লাবের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে বিএনপিতে পুরোভাবে যোগদান করলাম। আজ থেকে আমি সকল এমপি-মন্ত্রী যারা আছেন সবার সাথেই আমি ফুল নিয়ে দেখা করব। বিএনপি করেছিলাম, বিএনপিতে এসেছি এবং বাকি জীবন বিএনপি করেই আমি থাকতে চাই।’

স্থানীয় সূত্রে জানা গেছে, আলী আহমেদ দুলু ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নিজেকে আওয়ামী লীগের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। আওয়ামী লীগের পরিচয় ব্যবহার করে একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তিনি জেলা তাঁতীলীগের সাবেক আহবায়ক এবং জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পদও লাভ করেন।

যোগাযোগ করা হলে আলী আহমেদ দুলু দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমি আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজুর বিপরীত ব্লকে রাজনীতি করেছি। জেলা আওয়ামী লীগের উপদেষ্টার পদ আছে আমার। এছাড়াও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি পরিস্থিতির শিকার হয়ে। এখন অতীত মুছে আজীবন বিএনপির রাজনীতির সঙ্গে থাকতে চাই। দলীয় হাইকমান্ডকে অবগত করেই বিএনপির সঙ্গে আছি।’

Related Articles

Latest Posts