ব্রাজিলের জাতীয় দলের সম্ভাব্য ম্যাচের জন্য ঢাকার জাতীয় স্টেডিয়ামের দরজা খুলে যেতে পারে। রোববার ঢাকার ঐতিহাসিক ভেন্যুটি পরিদর্শন করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। তাদের পরিদর্শনে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজনের সম্ভাবনাও নতুন করে সামনে এসেছে।
পুরুষ জাতীয় দলের সাধারণ তত্ত্বাবধায়ক সার্জিও দিমাস দে অলিভেইরার নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রায় ৪৫ মিনিট জাতীয় স্টেডিয়ামে অবস্থান করে। এ সময় তারা সদ্য তৈরি করা সবুজাভ মাঠ, ড্রেসিংরুম, গ্যালারি ও অন্যান্য সুযোগ-সুবিধা ঘুরে দেখেন।
কলকাতায় সল্টলেক স্টেডিয়াম পরিদর্শন শেষে দুপুর ১টায় ঢাকায় পৌঁছেই জাতীয় স্টেডিয়ামে যায় সিবিএফের প্রতিনিধি দল। পরিদর্শন শেষে বাফুফের নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন জানান, জাতীয় স্টেডিয়ামকে ভবিষ্যতে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করার পাশাপাশি বাংলাদেশের বিপক্ষেও খেলতে পারে ব্রাজিল।
‘তারা আমাদের জানিয়েছে, ভবিষ্যতে তারা আমাদের স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করতে পারে অথবা বাংলাদেশের বিপক্ষেও খেলতে পারে,’ সাংবাদিকদের বলেন ইকবাল।
জাতীয় স্টেডিয়ামের সংস্কারকাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। সেটিও প্রতিনিধি দলকে জানানো হয়েছে।
‘আমরা তাদের বলেছি, মাঠের প্রস্তুতির কাজ চলছে এবং পুরো কাজ শেষ হতে আরও দুই সপ্তাহ সময় লাগতে পারে। তারা মাঠকর্মীদের সঙ্গেও কথা বলেছে এবং প্রয়োজন হলে আবারও পরিদর্শনে আসতে পারে বলে জানিয়েছে,’ বলেন ইকবাল।
শুধু মাঠ দেখেই অবশ্য থামেনি সিবিএফের প্রতিনিধি দল। মাঠে পানি দেওয়ার ব্যবস্থা, পয়োনিষ্কাশন ব্যবস্থা, ড্রেসিংরুম এবং গ্যালারির সুযোগ-সুবিধাও খতিয়ে দেখেছে তারা।
আগামী ৩ অক্টোবর ভারতের বিপক্ষে ব্রাজিলের একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। সেই ম্যাচের আগে ব্রাজিল ঢাকায় এসে অনুশীলন করতে পারে কি না, এমন সম্ভাবনা নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে রোববারের পরিদর্শনে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন ইকবাল।
বাফুফের এই কর্মকর্তা জানান, পরে সভাপতি তাবিথ আওয়ালের সঙ্গে বৈঠকের পর বিষয়টি নিয়ে আরও তথ্য জানাতে পারবেন তারা।

