পোড়াদহ জংশন থেকে অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ২

কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশন থেকে অপহরণের শিকার তিন শিশুকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধার হওয়া শিশুরা হলো—কুষ্টিয়ার মিরপুর উপজেলার উত্তর কাটদহ গ্রামের সুমনের ছেলে সিফাত (১০), হাসেমের ছেলে রাজ (১০) ও বেলাল হোসেনের ছেলে মোমিন (৯)।

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) নাসির খান জানান, গত ২৭ এপ্রিল সকালে পোড়াদহ রেলওয়ে জংশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ওই তিন শিশুকে অপহরণ করা হয়। অপহরণকারীরা ‘মহানন্দা লোকাল’ ট্রেনে করে শিশুদের প্রথমে যশোরে নিয়ে যায়। পরে সেখান থেকে বিক্রির উদ্দেশ্যে তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল।

পুলিশ জানায়, এই ঘটনায় ভুক্তভোগী সিফাতের মা শেফালী আক্তার গত ৬ জুন রাতে পোড়াদহ রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তদন্তে নেমে মিরপুর উপজেলার গোপালপুর এলাকা থেকে অপহরণকারী চক্রের দুই সদস্য মিরপুর উপজেলার গোপালপুরের টুটুলের স্ত্রী ফতে আক্তার (৩৫) ও হৃদয়ের স্ত্রী শাহানাজ বেগমকে (৪০) গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা শিশুদের অপহরণের কথা স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান চালিয়ে অপহৃত তিন শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

ওসি নাসির খান আরও জানান, উদ্ধারকৃত শিশুদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। এই মানবপাচার চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

 

Related Articles

Latest Posts