নয়্যার ফিরলেন, জার্মানির বিশ্বকাপ দলে চমক

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে জার্মানি। তবে দল ঘোষণার সবচেয়ে বড় চমক গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারে প্রত্যাবর্তন। ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া এই অভিজ্ঞ গোলরক্ষককে আবারও দলে ফিরিয়েছেন কোচ জুলিয়ান নাগেলসমান।

৪০ বছর বয়সী নয়্যার গত মাসেও জানিয়েছিলেন, জাতীয় দলে ফেরার কোনো পরিকল্পনা নেই। কিন্তু বিশ্বকাপের আগে মত বদলে তাকে স্কোয়াডে ফিরিয়ে এনেছেন নাগেলসমান। অন্যদিকে সমালোচনা সত্ত্বেও দলে জায়গা পেয়েছেন লেরয় সানে। এছাড়া আছেন ফ্লোরিয়ান ভার্টজ, কাই হাভার্টজ, পাসকাল গ্রস ও মালিক থিয়াও।

সবশেষ ২০১৪ সালে বিশ্বকাপ জিতেছিল জার্মানি। এরপর ২০১৮ ও ২০২২ দুই আসরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল তাদের। এবার সেই হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই বিশ্বকাপে যাচ্ছে চারবারের চ্যাম্পিয়নরা।

তবে দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নয়্যারকে ঘিরেই। দীর্ঘদিন পর তার ফেরাকে অনেকেই দেখছেন জার্মানির অভিজ্ঞতার ভরসা হিসেবে। একই সঙ্গে তরুণ প্রতিভা লেনার্ট কার্লের অন্তর্ভুক্তিও কাড়ছে নজর।

অন্যদিকে চোটের কারণে জায়গা হয়নি সার্জ নাব্রির। বাদ পড়েছেন করিম আদেয়েমি, ক্রিস ফুহরিচ ও রবার্ট অ্যান্ডরিচ।

বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে ১৪ জুন, হিউস্টনে কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর গ্রুপ ‘ই’-তে তাদের প্রতিপক্ষ আইভরি কোস্ট ও ইকুয়েডর। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে জার্মানি। ৩১ মে ফিনল্যান্ড ও ৬ জুন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে তারা।

জার্মানির বিশ্বকাপ দল

গোলরক্ষক:
ম্যানুয়েল নয়্যার, অলিভার বাউমান, আলেক্সান্ডার ন্যুবেল

ডিফেন্ডার:
জশুয়া কিমিখ, নিকো শ্লটারবেক, ডেভিড রাউম, জনাথন তাহ, ভালডেমার আন্তন, আন্তোনিও রুডিগার, নাথানিয়েল ব্রাউন, মালিক থিয়াও

মিডফিল্ডার:
জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভার্টজ, লেনার্ট কার্ল, অ্যাঞ্জেলো স্টিলার, আলেকসান্দার পাভলোভিচ, লিওন গোরেৎজকা, লেরয় সানে, ফেলিক্স এনমেচা, নাদিয়েম আমিরি, পাসকাল গ্রস

ফরোয়ার্ড:
কাই হাভার্টজ, ডেনিজ উনদাভ, জেমি লেভেলিং, নিক ভোল্টেমাডে, ম্যাক্সিমিলিয়ান বেয়ার।

 

Related Articles

Latest Posts