তৃতীয় বিভাগে নেমে গেল হামজার লেস্টার সিটি

বাংলাদেশের তারকা হামজা চৌধুরীর খারাপ খবর। ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে নেমে গেছে তার দল লেস্টার সিটি। মঙ্গলবার হালের সঙ্গে ২-২ গোলে ড্র করে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো এমন অবনমনের অভিজ্ঞতা হলো এক সময় প্রিমিয়ার লিগ জেতা ক্লাবটির। 

অবনমন এড়ানোর ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে কিং পাওয়ার স্টেডিয়ামে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না গ্যারি রোয়েটের দলের সামনে। কিন্তু অলি ম্যাকবার্নির সমতাসূচক গোল লেস্টারের সব স্বপ্ন ভেঙে দেয়। ঠিক ১০ বছর আগে যারা রূপকথার মতো প্রিমিয়ার লিগ জিতেছিল, এক দশক পরই তারা তৃতীয় বিভাগে নামার লজ্জা পেল।

ম্যাচ শেষে লেস্টার সিটির সমর্থকরা ক্ষুব্ধ হয়ে খেলোয়াড়দের ঘিরে ধরেন। অনেক ফুটবলার দ্রুত মাঠ ছাড়লেও বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা হামজা চৌধুরী সমর্থকদের সামনে গিয়ে দাঁড়ান এবং এই ব্যর্থতার জন্য ক্ষমা চান।

পয়েন্ট তালিকার তলানির দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা লেস্টারের হাতে আছে আর মাত্র দুটি ম্যাচ। নিরাপদ অবস্থানে থাকা দলের চেয়ে তারা ৭ পয়েন্ট পিছিয়ে থাকায় অবনমন নিশ্চিত হয়ে গেছে। গত পাঁচ বছরে ক্লাবের টানা অবনতির কারণে ২০০৮-০৯ মৌসুমের পর আবারও তারা তৃতীয় বিভাগে খেলতে যাচ্ছে।

কোচ রোয়েট বলেন, ‘আমাদের এই কঠিন বাস্তবতাকে মেনে নিতে হবে। কিছুদিন আগেই এই ক্লাব প্রিমিয়ার লিগ জিতেছিল, যা ছিল অবিশ্বাস্য এক অর্জন। সেই তুলনায় বর্তমানের এই মুহূর্তটি অত্যন্ত হতাশাজনক।’

২০১৬ সালে জেমি ভার্ডিদের হাত ধরে লিগ জেতা, পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল খেলা কিংবা ২০২১ সালে এফএ কাপ জয়—সবই এখন লেস্টারের জন্য সোনালি অতীত। মাঠের খেলার পাশাপাশি ক্লাবের আর্থিক অনিয়মও এই পতনের জন্য দায়ী। খরচ সংক্রান্ত নিয়ম ভাঙায় এই মৌসুমে তাদের ৬ পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল।

মাঠের বাইরে কর্তৃপক্ষের পরিকল্পনার অভাব আর বারবার কোচ বদল ক্লাবটিকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। আগামী মৌসুমে লেস্টারকে এখন ব্রমলি বা ম্যানসফিল্ডের মতো ছোট দলগুলোর বিপক্ষে লড়তে হবে।

অন্যান্য ম্যাচে, পোর্টসমাউথকে ৫-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে কভেন্ট্রি। আর ২৫ বছর পর আবারও শীর্ষ লিগে ফেরা নিশ্চিত করেছে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল।

 

Related Articles

Latest Posts