বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদকের দায়িত্ব ছেড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েম।
আজ সোমবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ছাত্রসংগঠনটি থেকে বিদায়ের ঘোষণা দেন তিনি।
একাধিক সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন কায়েম। এ কারণে তিনি ছাত্রশিবির থেকে সরে দাঁড়িয়েছেন। দলের গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রসংগঠনের সদস্যরা এ ধরনের নির্বাচনে অংশ নিতে পারেন না।
ফেসবুক পোস্টে সাদিক কায়েম লেখেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আমার আবেগ আর ভালোবাসার প্রিয় সংগঠন! দেখতে দেখতে দীর্ঘ এক সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটল। সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির থেকে আজ আমার আনুষ্ঠানিক ছুটি হয়েছে।’
গত ১ মে রাজধানীর রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) কাউন্সিল হলে আয়োজিত জামায়াতে ইসলামীর থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দলটির মেয়র প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়।
পরে ছাত্রশিবির জানায়, ছাত্রসংগঠনের সদস্য থাকা অবস্থায় কেউ এ ধরনের নির্বাচনে অংশ নিতে পারবেন না।

