গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে খালে ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেল, আহত ৫

গোপালগঞ্জে একটি বেইলি ব্রিজ ভেঙে বালুবাহী ট্রাক, ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল খালে পড়ে গেছে। এতে পাঁচজন আহত হয়েছেন।

আজ রোববার সকালে শহরের পাঁচুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। সকালে একটি বালুবাহী ট্রাক ব্রিজের মাঝামাঝি পৌঁছালে সেটি ভেঙে পড়ে। এতে ট্রাকের পাশাপাশি পেছনে থাকা একটি অটোরিকশা ও মোটরসাইকেলও খালে পড়ে যায়। এতে ট্রাকচালকসহ পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগ টেন্ডারের মাধ্যমে ‘মাসুদ হাইটেক’ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে নতুন স্থায়ী সেতু নির্মাণের দায়িত্ব দেয়। নির্মাণকাজ শুরুর আগে পারাপারের জন্য দুটি বেইলি ব্রিজ ছিল। পরে একটি ব্রিজ অপসারণ করে অন্যটি যানবাহন ও মানুষের চলাচলের জন্য রাখা হয়।

স্থানীয় বাসিন্দা নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, বেইলি ব্রিজ ভেঙে পড়ার কারণে ওই রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ঘোনাপাড়া, সদর হাসপাতাল ও চাপাইল এলাকা থেকে গোপালগঞ্জ শহরে যাতায়াতে সাধারণ মানুষকে বিকল্প পথে যেতে হচ্ছে। তবে সংকীর্ণ রাস্তা ও যানজটের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম দ্য ডেইলি স্টারকে বলেন, বেইলি ব্রিজটি সীমিত ওজন ধারণের জন্য নির্মিত ছিল। অতিরিক্ত ওজনের বালুবাহী ট্রাক প্রবেশ করায় এটি ভেঙে যায়।

‘ব্রিজটি দ্রুত মেরামত করে আগামী দুই দিনের মধ্যে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে,’ বলেন তিনি।

Related Articles

Latest Posts