ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চালবোঝাই ট্রাক উল্টে অন্তত সাতজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন।
আজ মঙ্গলবার ভোররাত আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে দাউদকান্দি থানার হাসানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার সাতজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে গিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে। ওই সময় ট্রাকের ওপর ১৩ জন আরোহী ছিলেন। ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাতজন নিহত হন এবং আরও ছয়জন আহত হন।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
ওসি ইকবাল বাহার জানান, ক্ষতিগ্রস্ত ট্রাকটি সরিয়ে নেওয়া হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

