পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ এক সাক্ষাৎকারে কেঁদে ফেলেছেন। কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি মানবিক আচরণের জন্য তিনি পাকিস্তান সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন।
১৯৯২ সালে বিশ্বজয়ী অধিনায়ক ইমরান খানের ছেলেদের এক সাক্ষাৎকার সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ আলোচনা সৃষ্টি করে। স্কাই স্পোর্টসকে দেওয়া ওই সাক্ষাৎকারে ইমরানের দুই ছেলে অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে কারাগারে তাদের বাবার ওপর অত্যাচার করা হচ্ছে। এমনকি চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার পরও তার ব্যক্তিগত চিকিৎসককে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে না।
রিপোর্ট অনুযায়ী, ওই সাক্ষাৎকার সম্প্রচারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নাকি মাঝপথেই ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট বয়কট করার কথা ভেবেছিল। তবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডের অনুরোধে খেলা চালিয়ে যাওয়া হয়।
এ ঘটনার পরই জাভেদ মিয়াঁদাদ পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে প্রকাশ্যে ইমরান খানের পক্ষে মুখ খুললেন।
একটি ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে কান্না চেপে রাখার চেষ্টা করেন মিয়াঁদাদ। তিনি বলেন, ‘পাকিস্তান সরকারের কাছে আমার অনুরোধ, এই সমস্যার একটা সমাধান করুন। সে-ও তো কারও সন্তান। প্রায়ই ভাবি, জেলে দিনগুলো কীভাবে কাটছে তার!’
তিনি আরও যোগ করেন, ‘খেলার মাঠে আমাদের দারুণ সম্পর্ক ছিল। আমরা একসময় সঙ্গে কাউন্টি ক্রিকেট খেলেছি, একে অপরকে খুব ভালো বুঝতাম। দেশকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছে সে, তার সঙ্গে এমন আচরণ একদম অন্যায়। যা ভুল, তা ভুলই। ওকে মুক্তি দিলে এমন কী হবে? জীবিত গিলে খাবে আমাদের? আল্লাহর কাছে দোয়া করি, সব যেন দ্রুত মিটে যায়। আমি ইমরানকে খুব ভালো করে চিনি, মানুষটা সৎ। সে কখনোই দুর্নীতিবাজ ছিল না।’
এর আগে কপিল দেব, সুনীল গাভাস্কার, ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুসের মতো বিশ্ব ক্রিকেটের সাবেক অধিনায়করাও অন্তত দুইবার পাকিস্তান সরকারের কাছে ইমরান খানের প্রতি মানবিক ব্যবহারের জন্য আবেদন জানিয়েছেন।

