আমেরিকায় কেমন আছেন নোভা

‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে শোবিজে পথচলা শুরু নোভার। এরপর মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ে পা রাখেন। অনিমেষ আইচ পরিচালিত ‘প্রেম ও ঘামের গল্প’ ছিল তার প্রথম নাটক। পরে ‘ডলস হাউজ’ ও ‘মহানগর’-এর মতো আলোচিত ধারাবাহিকে অভিনয় করেন। পাশাপাশি অসংখ্য নাটক ও ‘মৃধা বনাম মৃধা’ সিনেমায়ও দেখা গেছে তাকে।

বর্তমানে নোভা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। দেশ থেকে দূরে কেমন কাটছে তার দিনগুলো, কীভাবে নিজেকে যুক্ত রেখেছেন শোবিজের সঙ্গে, সে বিষয়ে কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।

নোভা বলেন, ‘এখন আমেরিকায় আছি। সবার দোয়া ও ভালোবাসায় ভালো আছি। দেশে থাকতে প্রায় প্রতিদিনই লাইট, ক্যামেরা, অ্যাকশন—এই শব্দগুলো শুনতাম। সেই সময়গুলো ভীষণ মিস করি।’

দেশের পরিচিত পরিবেশ ও সহকর্মীদের কথাও মনে পড়ে তার। নোভা বলেন, ‘চেনা জায়গাগুলো ও অভিনয়ের জগতের মানুষদের খুব মিস করি। সবাই মিলে একটা পরিবারের মতো ছিলাম। তাদের কথা কখনো ভুলতে পারব না।’

তবে দেশ থেকে দূরে থাকলেও কাজ থেকে নিজেকে সরিয়ে নেননি নোভা। আমেরিকায় থেকেও মডেলিং করছেন। তার কাজ সেখানকার টেলিভিশন চ্যানেলেও প্রচারিত হচ্ছে। ক্যামেরার পেছনেও কাজ করছেন। পাশাপাশি স্টেজে উপস্থাপনা করছেন। ক্যালিফোর্নিয়াসহ বিভিন্ন জায়গায় অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি।

‘দেশের বাইরে এসেও উপস্থাপনা করতে পারছি, মানুষের ভালোবাসা পাচ্ছি—এটা ভালো লাগে,’ বলেন নোভা।

আমেরিকায় নিজের একটি প্রোডাকশন হাউজও গড়ে তুলেছেন নোভা। নাম ‘টোস্টার প্রোডাকশন’। এরই মধ্যে প্রতিষ্ঠানটি থেকে অনুষ্ঠান নির্মাণের কাজ শুরু করেছেন তিনি।

নোভা বলেন, ‘নিজের প্রোডাকশন হাউজ থেকে ভালো কিছু কাজ করতে চাই। ইতোমধ্যে অনুষ্ঠান নির্মাণ শুরু করেছি।

পাশাপাশি একটি রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গেও যুক্ত আছি। আমি, হিল্লোল ভাই ও নওশীন—আমরা এই ব্যবসার সঙ্গে আছি।’
দেশের বাইরে থাকলেও বাংলাদেশের সংস্কৃতি ও বিনোদনজগতের সঙ্গে যোগাযোগ রয়েছে নোভার। প্রবাসে বাঙালিদের সঙ্গে দেখা হলে প্রায়ই উঠে আসে তার অভিনয়জীবনের প্রসঙ্গ।

নোভা বলেন, ‘দেশ থেকে দূরে থাকলেও সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে দূরে নেই। মজার ব্যাপার হলো, আমেরিকায় যখনই বাঙালিদের সঙ্গে দেখা হয়, তারা আমার অভিনয়ের কথা বলেন। কেউ কেউ আমার নাটকের নাম ধরেও কথা বলেন। তখন খুব ভালো লাগে, আনন্দ পাই।’

নিজের প্রথম নাটক ‘প্রেম ও ঘামের গল্প’ নিয়ে এখনো আবেগ কাজ করে নোভার মনে। অনিমেষ আইচ পরিচালিত নাটকটি প্রচারের পর ব্যাপক প্রশংসা পেয়েছিল।

নোভা বলেন, ‘এটি আমার ক্যারিয়ারের প্রথম নাটক ও আমার খুব প্রিয় একটি কাজ। এখনো এই নাটকের জন্য প্রশংসা পাই। নাটকটির সংলাপ ছিল সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষায়। প্রথমে ভেবেছিলাম, কাজটি ঠিকমতো করতে পারব কি না। পরে যখন কাজটি করলাম, সবাই প্রশংসা করলেন। সব বয়সের দর্শকই নাটকটি পছন্দ করেছিলেন।’

‘মহানগর’ ও ‘ডলস হাউজ’ দুটি ধারাবাহিকেই অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন নোভা। ‘মহানগর’ প্রচারিত হয়েছিল বাংলা ভিশনে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মহানগর ছিল প্রতিদিনের ধারাবাহিক। এই নাটকে অভিনয় করে দর্শকের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। ডলস হাউজে অভিনয় করেও ভালোবাসা পেয়েছি। এ ছাড়া আরও অনেক নাটকে কাজ করেছি।’

দেশে থাকাকালে ‘মৃধা বনাম মৃধা’ সিনেমাতেও অভিনয় করেছেন নোভা। সিনেমাটি নিয়ে তার প্রত্যাশা ও ভালো লাগার কথাও জানিয়েছেন।

‘মৃধা বনাম মৃধা দারুণ একটি সিনেমা। গল্পটিও খুব ভালো। দর্শক প্রশংসা করেছেন। কাজটি আমার জন্যও বিশেষ,’ বলেন তিনি।

Related Articles

Latest Posts