নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নয়টি ইউনিটের চেষ্টায় আজ বুধবার সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আদমজী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, ভোর সোয়া ৪টার দিকে অনন্ত অ্যাপারেলস নামে ওই কারখানার ফেব্রিকের গুদামে আগুন লাগে।
সকাল ১০টার দিকে তিনি বলেন, নয়টি ইউনিটের তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ভেতরে ডাম্পিং এর কাজ চলছে।
স্থানীয় লোকজন ও কারখানার কর্মীদের বরাতে এই কর্মকর্তা বলেন, গুদামটি বন্ধ অবস্থায় আগুনের ঘটনা ঘটে। ভেতরে ফেব্রিকস ও কিছু রাসায়নিক পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে শুরুতে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় পার্শ্ববর্তী ফায়ার স্টেশনগুলো থেকেও অতিরিক্ত ইউনিট যোগ দেয়।
মিরন বলেন, আগুন এখনো কিছু জায়গায় জ্বলছে, তবে তা আর ছড়ানোর শঙ্কা নেই। আগুনের নির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
পরে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক ছালেহ উদ্দিন ব্রিফিংয়ে বলেন, গুদামটি ছিল স্টিলের কাঠামো। আগুনের কারণে এটি ভেঙে পড়েছে।

