মেসির জন্য ‘পয়া’ রেফারি এলফাত!

সেমিফাইনালের মহারণে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। তবে মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের এক মনস্তাত্ত্বিক যুদ্ধ জমে উঠেছে। আর সেই আলোচনার কেন্দ্রে রয়েছেন ম্যাচের রেফারি ইসমাইল এলফাত। ফুটবলারদের ক্যারিয়ারে কত রকম ‘লাকি চার্ম’ বা সৌভাগ্যের প্রতীকের কথা শোনা যায়, লিওনেল মেসির ক্ষেত্রে সেই প্রতীক যেন খোদ এই রেফারি! ইতিহাস বলছে, এলফাত ম্যাচ পরিচালনা করেছেন আর মেসি হেরে মাঠ ছেড়েছেন—এমনটা কখনোই ঘটেনি।

বুধবারের এই হাইভোল্টেজ সেমিফাইনালে রেফারি হিসেবে মরক্কো বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইসমাইল এলফাতের নাম ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। বিশেষ করে ইংলিশ সমর্থকেরা এই সিদ্ধান্তে বেশ নাখোশ। তাদের একাংশের দাবি, মেসিকে আরও একটি বিশ্বকাপ জেতাতেই নাকি এমন রেফারি নিয়োগ দেওয়া হয়েছে! এই ম্যাচে এলফাতের সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন আরও দুই মার্কিন রেফারি—কোরি পার্কার ও কাইল অ্যাটকিন্স।

বিভিন্ন অনলাইন মাধ্যমের পরিসংখ্যান ঘেঁটে দেখা গেছে, রেফারি বা ফোর্থ অফিশিয়াল—যেকোনো ভূমিকাতেই এলফাত মাঠে থাকা মানেই মেসির দলের জয়। এমন ঘটনা ঘটেছে মোট পাঁচবার।

পেছনের গল্পটা একটু দেখে নেওয়া যাক:

২০২২ কাতার বিশ্বকাপ ফাইনাল: লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সের সঙ্গে সেই রুদ্ধশ্বাস ৩-৩ ড্রয়ের পর টাইব্রেকারে আর্জেন্টিনার বিশ্বজয়ের রাতে ফোর্থ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই এলফাত।

২০২৩ লিগস কাপ ফাইনাল: কাতার বিশ্বকাপের পর মেসি যখন ইন্টার মায়ামিতে যোগ দিলেন, সে বছরই লিগস কাপের ফাইনালে ন্যাশভিল এসসি-কে টাইব্রেকারে হারিয়ে মায়ামির হয়ে প্রথম ট্রফি উঁচিয়ে ধরেন মেসি। কাকতালীয়ভাবে, এমএলএস-এর দুইবারের সেরা রেফারি এলফাতই ছিলেন সেই ম্যাচের মূল রেফারি।

চলতি বিশ্বকাপেও এলফাত বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ সামলেছেন। গ্রুপ পর্বে জাপান বনাম নেদারল্যান্ডস এবং স্পেন বনাম উরুগুয়ে ম্যাচের পর, শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের চমকপ্রদ জয়ের ম্যাচটিতেও বাঁশি ছিল তাঁর মুখে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় ফাইনালে ওঠার এই লড়াইয়ে মুখোমুখি হবে দল দুটি। এই ম্যাচের জয়ী দল আগামী সোমবার রাত ১টায় নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী স্পেনের। এখন দেখার বিষয়, এলফাতের এই ‘মেসি-ভাগ্য’ ইংল্যান্ডের বিপক্ষেও বজায় থাকে কি না, নাকি থ্রি লায়ন্সরা সব সমীকরণ ওলটপালট করে দেয়!

 

Related Articles

Latest Posts