৫ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল

দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সংস্কারের কারণে পাঁচ বছর ধরে ঘরোয়া ফুটবলের বাইরে থাকা জাতীয় স্টেডিয়াম আবারও ফিরছে দেশের ফুটবলের ব্যস্ততায়। আসন্ন ফেডারেশন কাপের গ্রুপ পর্বের সাতটি ম্যাচ হবে দেশের প্রধান এই ফুটবল ভেন্যুতে। নকআউট পর্বের চার ম্যাচও জাতীয় স্টেডিয়ামে আয়োজনের সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ ২০২১ সালের আগস্টে জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের ম্যাচ হয়েছিল। এরপর শুরু হয় দীর্ঘ সংস্কারকাজ। সেই থেকে দেশের ঘরোয়া ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী এই ভেন্যুতে আর কোনো ম্যাচ হয়নি।

শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে ফেডারেশন কাপের ড্র শেষে বিষয়টি নিশ্চিত করেছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। তিনি বলেন, ‘জাতীয় দলের কোনো খেলা না থাকলে নকআউট পর্বের ম্যাচগুলোও আমরা জাতীয় স্টেডিয়ামে আয়োজন করব।’

ফেডারেশন কাপের এবারের আসরে অংশ নেবে বাংলাদেশ ফুটবল লিগের ১৩টি দল। টুর্নামেন্টের ম্যাচ হবে মোট চারটি ভেন্যুতে—জাতীয় স্টেডিয়াম, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও গোপালগঞ্জ। গ্রুপ পর্ব শুরু হবে ২২ সেপ্টেম্বর, চলবে আগামী বছরের ১২ জানুয়ারি পর্যন্ত।

১৩টি দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। এক গ্রুপে রয়েছে ছয়টি দল, অন্য গ্রুপে সাতটি। ‘এ’ গ্রুপে আছে আবাহনী লিমিটেড, ফর্টিস এফসি, রহমতগঞ্জ এমএফএস, ব্রাদার্স ইউনিয়ন, ফকিরেরপুল ইয়াং মেন্স ক্লাব ও চট্টগ্রাম সিটি এফসি।

‘বি’ গ্রুপে রয়েছে বসুন্ধরা কিংস, বাংলাদেশ পুলিশ এফসি, মোহামেডান এসসি, পিডব্লিউডি এসসি, আরামবাগ ক্রীড়া সংঘ ও সিটি ক্লাব।

গ্রুপ পর্ব শেষ হওয়ার পর টুর্নামেন্ট গড়াবে শেষ পর্বে। নকআউট পর্বে থাকবে দুটি কোয়ালিফায়ার, একটি এলিমিনেটর ও ফাইনাল। জাতীয় স্টেডিয়ামে গ্রুপ পর্বের সাতটি ম্যাচ আয়োজন করা হবে। বাকি ম্যাচগুলো ভাগ করে দেওয়া হবে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও গোপালগঞ্জের মধ্যে।

ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে অংশগ্রহণকারী ক্লাবগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে। ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্যরাও।

Related Articles

Latest Posts