নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়কের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বুকের ডান পাশে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত হাবিবুল্লাহ শেখ ওরফে নাসিম (২৩) নারায়ণগঞ্জ সদরের দেওভোগ এলাকার বাসিন্দা ছিলেন।
আজ বুধবার ভোর সাড়ে ৬টার দিকে এশিয়ান হাইওয়ের (ঢাকা বাইপাস) পাশে চেঙ্গাইন এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
সোনারগাঁয়ের তালতলা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সেলিম হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার বলছে, নাসিম মঙ্গলবার রাতে বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি।
এসআই সেলিম হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহতের বুকের ডান পাশে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়।
পুলিশ জানায়, মরদেহের পকেট থেকে পাওয়া পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তার ছোট বোন মরদেহ শনাক্ত করেন।
নিহতের স্বজন সিফাত ডেইলি স্টারকে বলেন, ‘নাসিম দেওভোগ এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন। দেড় বছর আগে তিনি পড়াশোনা ছেড়ে বাবার সঙ্গে ইলেকট্রিশিয়ানের কাজ শুরু করেন। মঙ্গলবার রাতে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি।’
সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

