সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের বাধা সাবেক কোচের দল

জাপানে চলমান ২০২৬ এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নিশ্চিত হয়েছে। টাইগারদের মোকাবিলা করতে হবে মালয়েশিয়াকে, যাদের বর্তমান কোচ ডেভ হোয়াটমোর। ৭২ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে শেষ আটের চতুর্থ ম্যাচে আগামী মঙ্গলবার সকাল ১১টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও মালয়েশিয়া। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে এই দুই দল। ২০২৩ সালে চীনে অনুষ্ঠিত গত এশিয়ান গেমসের সেই কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে ২ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।

গত মার্চে মালয়েশিয়া জাতীয় দলের দায়িত্ব নেন অভিজ্ঞ কোচ হোয়াটমোর। তিনি এর আগে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও পাকিস্তানের মতো দলের সঙ্গে কাজ করেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র‍্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের দায়িত্বেও ছিলেন।

বাংলাদেশের কোচ হিসেবে দারুণ সফল ছিলেন হোয়াটমোর। চার বছর দায়িত্বে থাকাকালে তিনি দলটিকে ক্রিকেটের উদীয়মান শক্তিতে পরিণত করেন। তার অধীনে ২০০৫ সালে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ ও সিরিজ জিতেছিল টাইগাররা। লাল-সবুজ জার্সিধারীদের ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপের সুপার এইটেও তুলেছিলেন তিনি। ওই আসরে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল বাংলাদেশ।

শনিবার মালয়েশিয়া ও ওমানের মধ্যকার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে বৃষ্টিতে। তাই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে মালয়েশিয়া। টানা বৃষ্টিতে ম্যাচে টসই করা সম্ভব হয়নি। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৮ উইকটে উড়িয়ে কাজ অনেকটা এগিয়ে রেখেছিল তারা।

অন্যদিকে, র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা এশিয়ান গেমসের শেষ আটে সরাসরি খেলবে। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে তারা ভেবে রেখেছিল ওমান বা হংকংকে। কিন্তু চমক দেখিয়ে র‍্যাঙ্কিংয়ে ওপরে থাকা ওই দুই দলকে টপকে ‘বি’ গ্রুপের সেরা হয়েছে মালয়েশিয়া।

কিছুদিন আগে বাংলাদেশ সফরে এসেছিল মালয়েশিয়া জাতীয় দল। বাংলাদেশ হাই পারফরম্যান্স দল (এইচপি) ও অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে খেলা পাঁচ ম্যাচের সবকটিতে হেরেছিল তারা।

‘বি’ গ্রুপের রানার্সআপ হয়েছে হংকং। নিজেদের আগের ম্যাচে তারা ওমানকে হারিয়েছিল। কোয়ার্টার ফাইনালে দলটি মুখোমুখি হবে পাকিস্তানের। মালয়েশিয়ার বিপক্ষে প্রত্যাশা অনুসারে জিতলে সেমিফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ পাকিস্তান। বাকি দুটি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ভারত-আফগানিস্তান ও শ্রীলঙ্কা-নেপাল।

Related Articles

Latest Posts