সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন যেন বিদেশে পালানোর সুযোগ না পান: নাহিদ ইসলাম

রাষ্ট্রপতির পদত্যাগের খবরে প্রতিক্রিয়া জানিয়ে সরকারকে শিগগির মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

একইসঙ্গে সাবেক এই রাষ্ট্রপতি যেন কোনো ধরনের ‘সেইফ এক্সিট’ বা বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ না পান, সে বিষয়ে সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় নেত্রকোণা এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়েছি, শারীরিক অসুস্থতার কথা বলে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। আমরা মনে করি, বিএনপি সরকার তাদের পরিকল্পনা অনুযায়ীই এই রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে।’

তিনি দাবি করেন, সরকার দায়িত্ব গ্রহণের পরপরই পদত্যাগের সুযোগ না দিয়ে মো. সাহাবুদ্দিনকে অপসারণ ও গ্রেপ্তার করা উচিত ছিল।

সরকারের প্রতি নাহিদ ইসলাম আহ্বান জানান, ‘অসুস্থতার অজুহাত বা অন্য কোনো কারণে ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি চুপ্পুকে যেন কোনো ধরনের সেইফ এক্সিট দেওয়া না হয় কিংবা তিনি বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। সরকারকে অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।’

Related Articles

Latest Posts