নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইসমাইল আল রাজিবকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় রায়পুরা উপজেলার তুলাতলী মোড় এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় তাকে আটক করা হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ তুলাতলী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ডা. ইসমাইল আল রাজিবকে আটক করা হয় এবং তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চিকিৎসক ইয়াবা সেবনের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে।

