রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি ও বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য ড. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই গণঅভ্যুত্থানের সময় রংপুরের বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক দুই সদস্য—সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দেন।
এছাড়া ২৮ জন আসামির মধ্যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। নিরস্ত্র সাঈদের বুক পেতে দাঁড়িয়ে থাকার এবং পুলিশের গুলিবর্ষণের ভিডিওটি সেসময় বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। আবু সাঈদ শহীদ হওয়ার ঘটনাটি কোটা সংস্কার আন্দোলনকে পরে গণঅভ্যুত্থানের দিকে নিয়ে যায়। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) তৎকালীন কোতোয়ালি জোনের সহকারী কমিশনার মো. আরিফুজ্জামান, তাজহাট থানার তৎকালীন ওসি রবিউল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) বিভূতি ভূষণ রায়।
বেরোবির সাবেক উপাচার্য হাসিবুর রশীদ ও আরএমপির সাবেক কমিশনার মো. মনিরুজ্জামানকে কমান্ড রেসপনসিবিলিটির (সর্বোচ্চ কর্তৃত্বের দায়) দায়ে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

