সমালোচনার জবাব দিলেন আনচেলত্তি, এবার নতুন ছকে নামবে ব্রাজিল

বিশ্বকাপ থেকে বিদায় আর প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ ড্রয়ের ধাক্কায় ব্রাজিলের ওপর চাপ এখন চরম পর্যায়ে। তবে ব্রিসবেনে দাঁড়িয়ে এসব সমালোচনাকে একপাশে সরিয়ে কড়া জবাব দিলেন কোচ কার্লো আনচেলত্তি।

‘সমালোচনা সব সময়ই ছিল, তবে আমার ভাবনায় এর প্রভাব শূন্য’—এমন বার্তা দিয়ে তরুণদের ওপর আস্থা রেখে আগামীকাল অজিদের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে কৌশলে পরিবর্তন আনছেন তিনি। চার ফরোয়ার্ডের বদলে ৪-৩-৩ ফর্মেশনে মাঝমাঠ শক্তিশালী করে মাঠে নামছে দল। ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবোর খবর, বার্সালোনা তারকা রাফিনিয়াকে খেলানো হতে পারে সেন্টার ফরোয়ার্ড হিসেবে। 

গত ম্যাচে মিডফিল্ডে খেলা দানিলোকে সান্তোস এবারও থাকছেন, তবে একাদশ থেকে বাদ পড়ে বেঞ্চে বসছেন মার্কিনিউস। অন্যদিকে বার্সেলোনার হয়ে সেন্টার ফরোয়ার্ড হিসেবে সাফল্য পাওয়া রাফিনিয়া ব্রাজিলের জার্সিতেও পাচ্ছেন একই ভূমিকা।

সাংবাদিকদের তীক্ষ্ণ প্রশ্নের মুখে আনচেলত্তি স্পষ্ট জানান, তার মূল লক্ষ্য ভবিষ্যতের জন্য শক্তিশালী দল গঠন করা। আর্থার দিয়াস, গাব্রিয়েল বোন্তেম্পো ও জাইরের মতো নতুনদের প্রশংসায় ভাসিয়ে তিনি দৃঢ়কণ্ঠে বলেন, ‘সমালোচনা সত্ত্বেও আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল, আমাদের সামনে সুন্দর ভবিষ্যৎ রয়েছে।’

প্রথম ম্যাচের ভুলভ্রান্তি শুধরে নিতেই কৌশলের এই পরিবর্তন। মাঝমাঠে সান্তোস, ব্রুনো গিমারেস ও গ্যাব্রিয়েল বোন্তেম্পোকে রেখে ট্রানজিশন নিয়ন্ত্রণ করাই এখন মূল পরিকল্পনা। আক্রমণভাগে রাফিনিয়ার সঙ্গে থাকছেন ভিনিসিউস ও রায়ান। আনচেলত্তির ভাষ্য, ‘আমরা ইতিহাসের সেরা ফুটবল জার্সির প্রতিনিধিত্ব করছি, তাই প্রতিটি ম্যাচই আমাদের কাছে বিশ্বকাপের মতো।’ 

মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ব্রাজিল-অস্ট্রেলিয়ার দ্বিতীয় ও শেষ ম্যাচ।

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশ (৪-৩-৩):

গোলরক্ষক: ওতাভিও  

রক্ষণভাগ: জুনিয়র, গ্যাব্রিয়েল, জাইর, ভ্যান্ডারসন  

মধ্যমাঠ  দানিলো সান্তোস, ব্রুনো গিমারেস, গ্যাব্রিয়েল বোন্তেম্পো  

আক্রমণভাগ: ভিনিসিউস জুনিয়র, রাফিনিয়া, রায়ান  

 

Related Articles

Latest Posts