২০২৫-২৬ মৌসুমে রেকর্ড ২১টি গোলে সহায়তা করে ম্যানচেস্টার ইউনাইটেডের আক্রমণের মূল কাণ্ডারি ছিলেন ব্রুনো ফার্নান্দেস। অসাধারণ এই নৈপুণ্যের আলোতেই মঙ্গলবারে মিলল তার স্বীকৃতি। ফুটবলারদের সংগঠন প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) ভোটে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই পর্তুগিজ মিডফিল্ডার।
২০০৭ ও ২০০৮ সালে টানা দুবার এই ট্রফি জিতেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে সম্মানজনক এই অ্যাওয়ার্ড পেলেন ফার্নান্দেস। ওল্ড ট্র্যাফোর্ডে ২০২০ সাল থেকে দায়িত্ব সামলানো ৩১ বছর বয়সী এই অধিনায়ক গত মৌসুমে নিজে ৯টি গোল করার পাশাপাশি দলকে লিগ টেবিলে তিন নম্বরে থেকে মৌসুম শেষ করতে বড় ভূমিকা রাখেন।
অন্যদিকে, নারী ফুটবলে বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড খাদিজা শ। উইমেনস সুপার লিগে সর্বোচ্চ ২১টি গোল করে ২০২৪ সালের পর ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার হাতে তুললেন তিনি।
খেলোয়াড়দের নিজেদের ভোটে নির্বাচিত এই পুরস্কার এ নিয়ে ১২ বার জিতলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলাররা। ইংল্যান্ড ও ওয়েলসের আর কোনো ক্লাবের খেলোয়াড়েরা এতবার বর্ষসেরা হতে পারেননি।
দলকে নতুন কোচ মাইকেল ক্যারিক দায়িত্ব নেওয়ার পর আক্রমণভাগের ফুটবলারদের যে স্বাধীনতা দেন, তাতেই যেন ডানা মেলেন ফার্নান্দেস।
গত ফেব্রুয়ারিতে ক্যারিক বলেছিলেন, ‘ব্রুনো মুহূর্তের মধ্যে খেলা বদলে দিতে পারে। ওর চিন্তাভাবনা দারুণ ও ধারালো। মাঠের একটু স্বাধীনতা ওর পারফরম্যান্সে আলাদা মাত্রা যোগ করে। ফুটবলীয় বুদ্ধিমত্তা ওর একেবারেই সহজাত।’
রেড ডেভিলদের হয়ে এ পর্যন্ত ১১০টি গোল করার পাশাপাশি ১০৬টি অ্যাসিস্ট রয়েছে ফার্নান্দেসের ঝুলিতে। মাত্র ৩১৪ ম্যাচে ২০০টি গোলে (গোল ও অ্যাসিস্ট মিলিয়ে) সরাসরি অবদান রাখার অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন তিনি। প্রিমিয়ার লিগ যুগে ম্যানচেস্টার ইউনাইটেডের পোশাকে তার চেয়ে কম ম্যাচে এই অর্জন রয়েছে কেবল ওয়েইন রুনির (২৯৫ ম্যাচে)।
বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার উঠেছে ম্যানচেস্টার সিটির ২১ বছর বয়সী লেফট-ব্যাক নিকো ও’রাইলির হাতে। সিটির জার্সিতে স্বপ্নের এক মৌসুম কাটানো এই ইংলিশ তারকা আগে প্রিমিয়ার লিগেরও সেরা তরুণ ফুটবলার নির্বাচিত হয়েছিলেন। সিটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচ খেলে ৯টি গোল করেন তিনি।
নারী বিভাগে টানা দ্বিতীয়বারের মতো সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার পেয়েছেন আর্সেনালের ২২ বছর বয়সী স্ট্রাইকার অলিভিয়া স্মিথ।
পিএফএ প্রিমিয়ার লিগ বর্ষসেরা একাদশ:
গোলরক্ষক: ডেভিড রায়া (আর্সেনাল)
রক্ষণভাগ: গ্যাব্রিয়েল মাগালহায়েস (আর্সেনাল), নিকো ও’রাইলি (ম্যানচেস্টার সিটি), উইলিয়াম সালিবা (আর্সেনাল), জুয়িন টিম্বার (আর্সেনাল)
মধ্যমাঠ: ব্রুনো ফার্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড), ডিক্লান রাইস (আর্সেনাল), রায়ান শেরকি (ম্যানচেস্টার সিটি)
আক্রমণভাগ: আরলিং হালান্দ (ম্যানচেস্টার সিটি), অ্যান্টোইন সেমেনিয়ো (ম্যানচেস্টার সিটি), ইগর থিয়াগো (ব্রেন্টফোর্ড)

