ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। ওই দম্পতি হলেন, অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) ও তার স্ত্রী মীনা ভৌমিক (৬০)।
মাধবপুর গ্রামের বাসিন্দা মুকুল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, গোয়াল ঘরে মেশিনে ঘাস কাটতে গিয়ে অমরেন্দ্র বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী মীনা রানীও বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রতিবেশীরা তাদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক অমরেন্দ্র ও মীনাকে মৃত ঘোষণা করেন।
যোগাযোগ করা হলে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. আসাদুজ্জামান জোহা ডেইলি স্টারকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট ওই দম্পতি মারা গেছেন। স্বজনেরা হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, স্বামী-স্ত্রীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।

