রিয়ালের সঙ্গে ভিনিসিয়ুসের নতুন চুক্তির পথে বাঁধা কোথায়?

রিয়াল মাদ্রিদে ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে টানাাপোড়েন আরও ঘনীভূত হচ্ছে। নতুন চুক্তির অচলাবস্থা কাটাতে চলতি সপ্তাহেই তার প্রতিনিধির সঙ্গে ক্লাবটির নীতি নির্ধারকদের বৈঠকে বসার কথা। তবে রিয়াল তাদের সবশেষ প্রস্তাবিত অর্থের পরিমাণ আর বাড়াতে প্রস্তুত নয় বলে সূত্রের বরাতে নিশ্চিত করেছে ইএসপিএন।

মঙ্গলবার ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যমটির এক প্রতিবেদন অনুসারে, গত কয়েক মাস দুই পক্ষের মধ্যে আলোচনা বন্ধ ছিল। সেটা কাটিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষেই ২৬ বছর বয়সী এই উইঙ্গারকে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে সান্তিয়াগো বার্নাব্যুর দলটি। সেখানে তার জন্য বার্ষিক প্রায় ২ কোটি ২০ লাখ ইউরো বেতনের কথা উল্লেখ করা হয়। তবে ভিনিসিয়ুস বার্ষিক অন্তত ৩ কোটি ইউরো বেতন দাবি করেছেন। দুই পক্ষের মধ্যে এই ৮০ লাখ ইউরোর বিশাল ফারাকই মূলত সমঝোতার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।

আগামী ২০২৭ সালের জুনে সফলতম স্প্যানিশ লা লিগার ক্লাব রিয়ালের সঙ্গে ভিনিসিয়ুসের বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। বর্তমানে বছরে ১ কোটি ৭৫ লাখ ইউরো আয় করছেন এই ফুটবলার। আর চুক্তির মেয়াদ না বাড়ার সুযোগে চোখ রাখছে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ক্লাব আর্সেনাল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রিয়ালের প্রধান স্কাউট হুনি কালাফাত ক্লাবটির ভেতর থেকে ভিনিসিয়ুসের চুক্তি নবায়নের জন্য বেশ জোরালো চেষ্টা চালাচ্ছেন। এমনকি সংকট নিরসনে আগামীকাল বুধবারই দুই পক্ষ মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছে। ক্লাবের পাশাপাশি ভিনিসিয়ুসের ঘনিষ্ঠ এক সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে ইএসপিএনকে।

চুক্তি নবায়ন না হলে আগামী ২০২৬-২৭ মৌসুমের শেষেই ফ্রি ট্রান্সফারে রিয়াল ছাড়ার আইনি সুযোগ পেয়ে যাবেন ভিনিসিয়ুস। সেক্ষেত্রে আগামী বছরের জানুয়ারি থেকেই অন্য যেকোনো ক্লাবের সঙ্গে মৌখিক সমঝোতা সেরে ফেলতে পারবেন তিনি।

ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, ভিনিসিয়ুস ও তার এজেন্টরা মনে করছেন, ক্যারিয়ারের এই উজ্জ্বল সময়ে এটিই হতে যাচ্ছে তার জীবনের সবচেয়ে বড় ও মূল চুক্তি। ২০১৮ সালে যোগ দেওয়ার পর দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোলসহ রিয়ালের সাম্প্রতিক অর্জনে তার যে অসামান্য অবদান ছিল, ক্লাবটির কর্তৃপক্ষের কাছ থেকে এবার তার উপযুক্ত মূল্যায়ন চান তারা। তবে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে চলমান গ্রীষ্মকালীন দলবদলের উইন্ডোতেই ভিনিসিয়ুসকে বিক্রি করে দেওয়ার পথও খোলা রাখছে রিয়াল।

চুক্তির শেষ বছরে পা রাখলেও ভিনিসিয়ুসকে পেতে বড় অঙ্কের অর্থ প্রদান করতে হবে আগ্রহী ক্লাবকে। কারণ, অন্তত ১৫ কোটি ইউরো ট্রান্সফার ফি আদায়ের লক্ষ্য থাকবে রিয়ালের।

নানা ধরনের গুঞ্জনের মধ্যেই বিশ্বকাপের ছুটি শেষে গতকাল সোমবার রিয়ালে ফিরেই শারীরিক পরীক্ষা সম্পন্ন করেছেন ভিনিসিয়ুস। দলটির নতুন কোচ জোসে মরিনহোর অধীনে সতীর্থদের সঙ্গে নতুন মৌসুম সামনে রেখে পুরোদমে অনুশীলনও শুরু করে দিয়েছেন এই উইঙ্গার।

Related Articles

Latest Posts