পিএসজির কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগে ধাক্কা, এরপর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে এল ক্লাসিকোতে হার। টানা দুই পরাজয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল বার্সেলোনা। সেই চাপ কাটাতে যেন আলাভেসকেই বেছে নিল হান্সি ফ্লিকের দল। রাফিনিয়া ও লামিনে ইয়ামালের জোড়া গোলে প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দিয়েছে কাতালানরা। ছয় গোলের উৎসবে লা লিগার শীর্ষস্থানও ধরে রেখেছে বার্সেলোনা।
শনিবার রাতে নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে আলাভেসকে ৬-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। রাফিনিয়া ও ইয়ামাল দুটি করে গোল করেছেন। একটি করে গোল ফেরমিন লোপেজ ও অ্যান্থনি গর্ডনের। আলাভেসের একমাত্র গোলটি মারিয়ানো দিয়াসের।
এদিন অবশ্য ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝড় তোলে বার্সেলোনা। অষ্টম মিনিটেই দলকে এগিয়ে দেন রাফিনিয়া। পেদ্রির দারুণ পাস ধরে বক্সে ঢুকে বল বাড়িয়েছিলেন ফেরমিন লোপেজ। তার পাস থেকে সহজেই জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেরমিন। এবার গোল তৈরিতে ভূমিকা ইয়ামালের। তরুণ উইঙ্গারের পাস পেয়ে বক্সের ভেতরে কঠিন কোণ থেকে শট নেন ফেরমিন। বল গিয়ে জড়ায় জালে। এরপর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিল আলাভেস। সুযোগও পেয়েছিল তারা। তবে বার্সেলোনার আক্রমণের সামনে বেশিক্ষণ টিকতে পারেনি সফরকারীরা।
৪১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রাফিনিয়া। ফেরমিনের বাড়ানো বল ধরে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান ৩-০ করেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে গোলের খাতায় নাম লেখান ইয়ামালও। বক্সের কাছ থেকে নিচু শটে বল জালে পাঠান ১৯ বছর বয়সী এই তারকা। বিরতির আগেই চার গোলের লিড পেয়ে যায় বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমেনি স্বাগতিকদের। ৬৪ মিনিটে আবারও গোল করেন ইয়ামাল। বদলি হিসেবে নামা গ্যাব্রিয়েল জেসুসের পাস ধরে গোলরক্ষকের ওপর দিয়ে বল তুলে জালে পাঠান তিনি।
এরপর ৮১ মিনিটে বার্সেলোনার ষষ্ঠ গোলটি করেন বদলি ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডন। রদ্রির পাস ধরে গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ এই ফুটবলার। তিন মিনিট পর আলাভেসের হয়ে ব্যবধান কমান সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড মারিয়ানো দিয়াস। তবে সেটি কেবল সান্ত্বনার গোলই হয়ে থাকে।
এই ম্যাচে শুধু গোল করেননি, একটি ব্যক্তিগত অর্জনও ছুঁয়েছেন রাফিনিয়া। চলতি লা লিগায় মাত্র ১১ ম্যাচেই তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৫-তে। বার্সেলোনার হয়ে মৌসুমের প্রথম ১১ লিগ ম্যাচে এত গোলের কীর্তি আগে গড়েছিলেন সেসার রদ্রিগেস ও লিওনেল মেসি।
এই জয়ে ১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রয়েছে বার্সেলোনা। ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অ্যাতলেতিকো মাদ্রিদ। আগামী সপ্তাহেই লিগে মুখোমুখি হবে বার্সেলোনা ও অ্যাতলেতিকো মাদ্রিদ।

