মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা বাস্তবায়নের লক্ষ্যে কারিগরি পর্যায়ের আলোচনা রোববার সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পাকিস্তান।
আজ শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানায় বার্তাসংস্থা এএফপি।
ওই বিবৃতিতে বলা হয়, সমঝোতা স্মারক সইয়ের ধারাবাহিকতায় ২১ জুন সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে এ বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের পাশাপাশি পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীরাও অংশ নেবেন।
এদিকে, ইরান সতর্ক করে বলেছে, চুক্তির শর্তগুলো দ্রুত বাস্তবায়ন না হলে পুরো সমঝোতাই ঝুঁকির মুখে পড়তে পারে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, অপর পক্ষকে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। অন্যথায় পুরো সমঝোতাই ঝুঁকির মুখে পড়বে।
বাঘাইয়ের সতর্কবার্তার পর রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া চুক্তির বাস্তবায়ন নিয়ে আলোচনায় অংশ নিতে ইরানি আলোচকরা শনিবার সুইজারল্যান্ডের উদ্দেশে যাত্রা করেছেন।

