মেসির দুর্দান্ত গোলের আনন্দ শেষ মুহূর্তে মাটি

মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির চোখধাঁধানো গোলেও জয়ের মুখ দেখতে পেল না ইন্টার মায়ামি। যোগ করা সময়ের গোল হজম করে ন্যাশভিল এসসির সঙ্গে ২-২ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। এই ড্রয়ে ইস্টান কনফারেন্সের শীর্ষস্থান আরও শক্ত করল ন্যাশভিল।

ঘরের মাঠে খেলার ৬২ মিনিটে দীর্ঘদিনের জাতীয় দল সতীর্থ রদ্রিগো দে পলের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে দারুণ এক বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন মেসি। ডি-বক্সের ২০ গজ দূর থেকে করা এই দর্শনীয় গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। এরপর ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ পেয়েছিলেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে একবার তার শট পোস্টে লেগে ফিরে আসে এবং অন্যবার প্রতিপক্ষের ডিফেন্ডার লাইনের ওপর থেকে হেড করে বল ক্লিয়ার করেন।

মায়ামির আক্রমণের মুখে ম্যাচের একদম শেষ মুহূর্তে মোড় ঘুরিয়ে দেয় ন্যাশভিল। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে স্যাম সুরিজের গোলে সমতায় ফেরে সফরকারীরা। এর আগে ম্যাচের চতুর্থ মিনিটেও ন্যাশভিলকে এগিয়ে নিয়েছিলেন এই সুরিজে।

ম্যাচে বারবার সমতায় ফেরার পর মেসির করা ১৯তম গোলেও শেষ রক্ষা হলো না দলটির। উল্টো শেষ মুহূর্তে গোল খেয়ে পূর্ণ ৩ পয়েন্ট হাতছাড়া করে পয়েন্ট তালিকায় পিছিয়ে পড়ল মায়ামি। লিগে আর মাত্র ৯টি ম্যাচ বাকি থাকতে শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে ৯ পয়েন্টে পিছিয়ে রয়েছে তারা।

ম্যাচ শেষে হতাশ প্রকাশ করে মায়ামির ডিফেন্ডার ফাকুন্দো মুরা বলেন, ‘পুরো ম্যাচ আধিপত্য নিয়ে খেলে শেষ মুহূর্তে জয় হাতছাড়া হওয়া সত্যি হতাশার। আমরা সুযোগ তৈরি করেছি, কিন্তু রক্ষণভাগকে আরও শক্ত করতে হবে। জয় পেতে প্রতি ম্যাচেই একাধিক গোল করতে হবে—এই পরিস্থিতি থেকে বের হতে হবে।’

এ নিয়ে চলতি মৌসুমে ঘরের মাঠে এগিয়ে থেকেও মোট ১১ পয়েন্ট হারাল মায়ামি। ক্লাবের নতুন কোচ ক্রিস্তিয়ান ‘কিলি’ গঞ্জালেস দায়িত্ব নেওয়ার আগেই সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৯ ম্যাচের মাত্র একটিতে জিততে পেরেছে দলটি।

ন্যাশভিলের কাছে পয়েন্ট হারানোর ধাক্কা সামলে ওঠার আগেই সামনে কঠিন পরীক্ষা মায়ামির। আগামী বুধবারে মেক্সিকান ক্লাব ক্রুস আসুলের বিরুদ্ধে ‘কাম্পেওনেস কাপ’ ফাইনালে মাঠে নামবে তারা। চলতি মৌসুমে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ ও লিগস কাপ থেকে বিদায় নেওয়ার পর প্রথম ট্রফি জয়ের সুযোগ এটিই।

 

Related Articles

Latest Posts