জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর সাত বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার রাতে একটি বাড়িতে মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিশু মরিয়ম আক্তার চর লোটাবর এলাকার বাহাদুর আলীর মেয়ে এবং সে সিধুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় জানান, রাত ১টার দিকে জামিনুর নামে এক ব্যক্তির বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, তিন দিন আগে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মরিয়ম নিখোঁজ হয়। পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পায়নি।
যে বাড়ি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়, সেটি স্কুলের পাশেই অবস্থিত। ওসি স্নেহাশিষ রায় জানান, পুলিশ ধারণা করছে মরিয়মকে হত্যার পর তার মরদেহ পুঁতে রাখা হয়েছিল।
তিনি আরও জানান, মরদেহটি থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।
মরদেহ কীভাবে খুঁজে পাওয়া গেল এবং উদ্ধার করা হলো, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

