মেসির চোখধাঁধানো ফ্রি-কিক গোলের পরও হারল মায়ামি

লিওনেল মেসি গোল করলেও শেষ হাসি হাসতে পারেননি ইন্টার মায়ামি। আর্জেন্টাইন মহাতারকার দুর্দান্ত ফ্রি-কিকেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি দলটি। যোগ করা সময়ে গোল হজম করে কলম্বাস ক্রুর কাছে ২-১ ব্যবধানে হেরে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে ওঠার আশাটাও আরও ফিকে করেছে মায়ামি।

ঘরের মাঠে শুরুটা অবশ্য কলম্বাসের পক্ষেই ছিল। পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলটিকে এগিয়ে দেন হোসেফ মার্তিনেস। তবে ২৮ মিনিট পরই ম্যাচে সমতা ফেরান মেসি। ৩৩ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত ফ্রি-কিকে বল জালে জড়িয়ে কলম্বাসের দর্শকদের স্তব্ধ করে দেন আর্জেন্টাইন তারকা। চলতি মৌসুমে নিয়মিত লিগে এটি ছিল মেসির ২১তম গোল।

এরপর বেশ কিছু সময় মায়ামিকে চাপে রেখেও দ্বিতীয় গোলের দেখা পাচ্ছিল না কলম্বাস। উল্টো ৬২ মিনিটে মেসিই মায়ামিকে এগিয়ে দেওয়ার খুব কাছে চলে গিয়েছিলেন। মাঝমাঠ থেকে বল নিয়ে দ্রুত এগিয়ে তার নেওয়া শট কোনোমতে ওপর দিয়ে ঠেকিয়ে দেন কলম্বাসের গোলরক্ষক প্যাট্রিক শুল্টে।

কিছুক্ষণ পর মায়ামি গোলও পেয়ে গিয়েছিল। বদলি হিসেবে নামা দাভিদ আয়ালা কলম্বাসের রক্ষণ ভেঙে বেরিয়ে গিয়ে কাছের পোস্ট দিয়ে শুল্টেকে পরাস্ত করেন। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। আয়ালা সামান্য ব্যবধানে অফসাইডে ছিলেন।

অন্য প্রান্তে কলম্বাসও একের পর এক আক্রমণ করেছে। নতুন মরক্কান ফরোয়ার্ড আনাস জারুরি দুবার মায়ামির গোলপোস্টে বল লাগান। এর মধ্যে দূরপাল্লার একটি দুর্দান্ত শটে বল ক্রসবারের নিচের অংশে লেগে ফিরে আসে।

সবকিছু যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখন যোগ করা সময়ে নাটকীয়ভাবে ম্যাচের মোড় ঘুরে যায়। বক্সের প্রান্ত থেকে বাঁকানো শট নেন ব্রাইস মেন্দেস। মায়ামির গোলরক্ষক রোকো রিওস নোভো বলটি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হলে সুযোগ বুঝে দ্রুত ছুটে আসেন সেনেগালের বদলি খেলোয়াড় জামাল থিয়ারে। কাছ থেকে জোরালো শটে বল জালে পাঠিয়ে কলম্বাসকে এনে দেন পূর্ণ তিন পয়েন্ট।

এই হারে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ন্যাশভিলের সঙ্গে মায়ামির ব্যবধান দাঁড়িয়েছে ১৪ পয়েন্টে। নিয়মিত মৌসুমের আর মাত্র সাতটি ম্যাচ বাকি থাকায় শীর্ষস্থান দখলের আশা এখন বেশ কঠিন হয়ে পড়েছে মায়ামির জন্য।

অন্যদিকে ২৯ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে থাকা কলম্বাসও প্লে-অফের দৌড়ে টিকে রইল। মৌসুমের পরের ধাপে ওঠার জায়গা থেকে তারা এখনো চার পয়েন্ট দূরে।

Related Articles

Latest Posts