‘বেঞ্চে থেকে প্রয়োজনে মাঠে নামবে রাফিনিয়া’, জানালেন আনচেলত্তি

রোববার বিশ্বকাপের হাইভোল্টেজ শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সেলেসাও শিবিরে স্বস্তির খবর—চোট কাটিয়ে দলে ফিরেছেন ফরোয়ার্ড রাফিনিয়া। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, রাফিনিয়া ম্যাচ খেলার জন্য প্রস্তুত। তবে এখনই তাকে শুরুর একাদশে দেখা যাবে না, বরং বেঞ্চ থেকে দলের প্রয়োজনে মাঠে নামবেন এই তারকা।

গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে জয়ের ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে দুই সপ্তাহ মাঠের বাইরে ছিলেন রাফিনিয়া। গত শুক্রবার তিনি অনুশীলনে ফেরেন। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আনচেলত্তি রাফিনিয়ার ফেরার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাফিনিয়ার অবস্থার খুব ভালো উন্নতি হচ্ছে। সে এখনও ১০০ ভাগ ফিট নয়, তবে বেঞ্চে থাকার জন্য এবং কয়েক মিনিট খেলার বা নির্দিষ্ট মুহূর্তে দলের কাজে লাগার জন্য সে প্রস্তুত।’

এই ফরোয়ার্ডের দ্রুত সেরে ওঠায় স্বস্তি প্রকাশ করে ব্রাজিল কোচ আরও বলেন, ‘সে খুব দ্রুত এবং ভালোভাবে সেরে উঠেছে। আমরা এতে খুবই খুশি, কারণ রাফিনিয়া আমাদের দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।’

রাফিনিয়ার ফেরার ম্যাচে ব্রাজিলকে অবশ্য বড় ধাক্কা খেতে হচ্ছে মিডফিল্ডার লুকাস পাকেতার চোটে। জাপানের বিপক্ষে গত ম্যাচে হ্যামস্ট্রিং টানের শিকার হওয়া পাকেতাকে এই ম্যাচে পাচ্ছে না সেলেসাওরা। পাকেতার বিকল্প নিয়ে আনচেলত্তি বলেন, ‘লুকাস পাকেতার মতো মানসম্পন্ন খেলোয়াড় আমাদের স্কোয়াডে আর নেই, তাই অন্য কোনো খেলোয়াড় দিয়ে তার অভাব পূরণ করতে হবে। দানিলো, গ্যাব্রিয়েল, মাথেউস কুনহা বা এদেরসন—সবার খেলার ধরন আলাদা। আগামীকাল আমরা যে পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই, সেটির সঙ্গে কে মানানসই—তা বিবেচনায় নিয়েই আমি খেলোয়াড় নির্বাচন করব।’

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আক্রমণভাগে নেইমারের উপস্থিতির সঙ্গে বেঞ্চে রাফিনিয়ার মতো অভিজ্ঞ ফুটবলারের অন্তর্ভুক্তি ব্রাজিলের শক্তি বাড়াবে সন্দেহ নেই। 

Related Articles

Latest Posts