বিতর্কের ছায়া সঙ্গী করেই সেমিফাইনালে ‘ভিএআরজেন্টিনা’

বিশ্বকাপের নতুন রেফারিং প্রোটোকল যেন বিতর্কের আগুনে ঘি ঢালছে। বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচগুলোতে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত সমর্থকদের মনে নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে, এমন মন্তব্য করেছেন সাবেক ফিফা রেফারি ক্রিস্টিনা উনকেল। 

বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে শেষ চারে আসার পথে প্রতিপক্ষ দলগুলোর একের পর এক অভিযোগ আর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লিওনেল মেসির দলকে সুবিধা দেওয়া হচ্ছে’—এমন গুঞ্জন তাদের পিছু ছাড়ছে না।

বিতর্ক চূড়ান্ত রূপ নেয় গত শনিবার সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল ম্যাচে। ডাইভিং বা অভিনয় করার অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখে মাঠ ছাড়তে হয় সুইস ফরোয়ার্ড ব্রিল এম্বোলোকে। ভিএআর নিয়মের এমন প্রয়োগকে ‘অগ্রহণযোগ্য’ বলে ক্ষোভ প্রকাশ করেন সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন।

এ বিষয়ে সোমবার ফিফার মন্তব্য জানতে চাওয়া হলে তারা রয়টার্সকে রেফারি কমিটির প্রধান পিয়েরলুইজি কোলিনার গত ৮ জুলাইয়ের একটি সাক্ষাৎকার দেখার পরামর্শ দেয়। যেখানে কোলিনা শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার পক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ সরাসরি নাকচ করেছিলেন।

ভুল খেলোয়াড়কে কার্ড দেওয়ার বিষয়টি সংশোধনের এই প্রোটোকলটিসহ ভিএআর হস্তক্ষেপের বেশ কিছু নতুন নিয়ম ২০২৬-২৭ মৌসুম ও এই বিশ্বকাপ থেকে চালু করা হয়েছে। তবে পুরোপুরি পরীক্ষিত না হওয়া এই প্রোটোকল এখন তীব্র সমালোচনার মুখে।

সাবেক ফিফা রেফারি এবং ব্রিটিশ ব্রডকাস্টার আইটিভি-র নিয়ম বিশ্লেষক ক্রিস্টিনা উনকেল বলেন, ‘আমার মনে হয় না প্রোটোকলটি এভাবে প্রয়োগ করা উচিত ছিল। এটি বড্ড জটিল। আমার আপত্তি হলো, আমরা শুধু কাকে কার্ড দেওয়া হচ্ছে সেটাই পরিবর্তন করছি না, মূল সিদ্ধান্তটাই বদলে ফেলছি। ফাউলের সিদ্ধান্ত এক পক্ষের অনুকূলে থাকার কথা, অথচ ভিএআর এসে সিদ্ধান্ত সম্পূর্ণ উল্টে দিচ্ছে। এর মানে দাঁড়াচ্ছে, আমরা সিদ্ধান্তের ভিত্তিটাই বদলে ফেলছি।’

তিনি আরও যোগ করেন, ‘আমার মতে, রেফারিরা মাঠের সিদ্ধান্ত আবার নতুন করে নেওয়ার যে প্রক্রিয়াটা এড়িয়ে চলতে চাইছিলেন, ভিএআর এখন আনুষ্ঠানিকভাবে আমাদের সেই জায়গাতেই দাঁড় করিয়ে দিয়েছে।’

নতুন এই প্রোটোকলের সুবিধা আর্জেন্টিনা পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচকরা দলটির নাম দিয়েছেন ‘ভিএআরজেন্টিনা’ (VARgentina)। স্বাভাবিকভাবেই এটি সমর্থকদের ক্ষোভ আরও উসকে দিয়েছে। উনকেল রয়টার্সকে বলেন, ‘যথেষ্ট পরীক্ষা-নিরীক্ষা না করে, এর ফল কী হতে পারে তা পুরোপুরি না জেনেই এই নতুন প্রোটোকলের বিস্তার ঘটানো হয়েছে। এটা যেন বারুদের স্তূপ, যা বিস্ফোরণের অপেক্ষায় আছে।’

‘আস্থা পুরোপুরি ধূলিসাৎ’

বিতর্কের এই গল্প অবশ্য গ্রুপ পর্ব থেকেই শুরু হয়েছিল। আলজেরিয়ার বিপক্ষের ম্যাচে আলজেরীয় অধিনায়ক ইসা মান্দির পায়ে লিওনেল মেসি পেছন থেকে বুটের স্পাইক দিয়ে আঘাত করার পর তাকে লাল কার্ড দেওয়ার দাবি তুলেছিল দলটি। কিন্তু মেসিকে কোন কার্ডই দেখানো হয়নি, তিনি পার পেয়ে যান এবং পরে হ্যাটট্রিক করে বসেন। এর কিছুদিন পর ম্যাচটিতে দুর্বল রেফারিংয়ের অভিযোগ এনে আলজেরিয়া আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করে বলে রয়টার্সকে নিশ্চিত করে একটি সূত্র।

শেষ ষোলোতে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার জয় নিয়েও বিতর্ক চলেছে বেশ কয়েক দিন। ম্যাচের ৬২ মিনিটে মিশর একটি গোল করলেও ভিএআর দেখে তা বাতিল করা হয়, কারণ বিল্ড-আপের সময় ফাউল খুঁজে পেয়েছিল ভিএআর। এরপর মিশরের একটি পেনাল্টির আবেদন নাকচ হয়ে যায় এবং ম্যাচের ৯২ মিনিটে জয়সূচক গোল পায় আর্জেন্টিনা। মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন দাবি করেছে, ম্যাচের বেশ কিছু সিদ্ধান্ত সরাসরি ফলাফলে প্রভাব ফেলেছে। মিশরও রেফারিং নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করে।

অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে মেসির রেকর্ডময় গোলের বিল্ডআপেও আলেক্সিস ম্যাক আলিস্টারের বিরুদ্ধে ফাউলের অভিযোগ উঠে, ফুটেজেও তা দেখা যায়। তবে সেবার ভিএআর হস্তক্ষেপ করেনি। 

উনকেল জানান, দল হেরে গেলে সমর্থকরা খুব সহজেই রেফারিদের ওপর দোষ চাপিয়ে দেন। তবে তিনি স্বীকার করেছেন, মাঠের বাইরের কিছু ঘটনা সমর্থকদের অবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।

চলতি মাসে লাল কার্ডের দুটি ঘটনায় ফিফার দ্বিমুখী সিদ্ধান্ত সমালোচনা আরও বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা ডোনাল্ড ট্রাম্পের ফোনকলের পর শেষ মুহূর্তে তুলে নেওয়া হলেও, ইংল্যান্ডের ডিফেন্ডার জ্যারেল কোয়ানসাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়।

ইউনাইটেড সকার লিগের নারী দল টাম্পা বে সান এফসির সভাপতি উনকেল বলেন, ‘আমার মনে হয় সমর্থকদের আস্থা এখন পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে। রেফারি হিসেবে এবং এই ভূমিকায় আমি এর আগেও বড় বড় টুর্নামেন্ট কভার করেছি, কিন্তু কেবল সামাজিক যোগাযোগমাধ্যমেই নয়, চারপাশে এমন বিতর্ক ও সমালোচনা আমি আগে কখনো দেখিনি।’

 

Related Articles

Latest Posts