রাজধানীর বাংলামোটরে বিরোধের জেরে এক যুবকের মাথায় আঘাত করার পর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে ফেরদৌস আহাম্মেদ সাইমন নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
বৃহস্পতিবার রাত ৮টা ১০ মিনিটে হাতিরঝিল থানার বাংলামোটর মোড়ের উত্তর পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত সোহাগকে (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
অভিযুক্ত ফেরদৌস আহাম্মেদ সাইমন হাতিরঝিল থানা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক বলে জানা গেছে।
ওসি আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, কথা-কাটাকাটির একপর্যায়ে সোহাগের মাথায় আঘাত করেন সাইমন। এতে সোহাগ আহত হন। পরে সেখানে সাইমন দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনার পর স্থানীয় লোকজন সাইমনের বাসার সামনে জড়ো হন।
রাত সোয়া ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, বাংলামোটর থেকে মগবাজারগামী সড়কের পাশে একটি মোটরসাইকেলে আগুন জ্বলছে। সেখানে ফায়ার সার্ভিসের সদস্যরা ছিলেন।
প্রধান সড়ক থেকে গলিতে ঢুকতেই সাইমনের বাসার সামনে শতাধিক মানুষকে অবস্থান করতে দেখা যায়। তারা সাইমনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। ঘটনাস্থলে পুলিশ ও র্যাবের সদস্যদেরও দেখা যায়।

