বড়লেখা সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ভারতীয় দম্পতি আটক

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় এক দম্পতিকে আটক করেছে বিজিবি।

আজ শুক্রবার ভোরে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গান্ধাই এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাদের বড়লেখা থানায় সোপর্দ করা হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান দ্য ডেইলি স্টারকে জানান, আটক কামরুল আহমেদ (৩২) ও তার স্ত্রী হুসনা বেগম লস্কর (২৪) অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের কথা স্বীকার করেছেন।

বিজিবি-৫২ বিয়ানীবাজার ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান ডেইলি স্টারকে বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে আটক দুজন ভারতীয় নাগরিক। বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয়।’

ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, ‘আটক দুজনকে থানায় সোপর্দ করেছে বিজিবি। আমরা যাচাই-বাছাই করছি। বিজিবির পক্ষ থেকে এজাহার দেওয়া হচ্ছে। মামলার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Related Articles

Latest Posts