ঢাকা-আরিচা মহাসড়কের পাশে জমে থাকা বর্জ্যের স্তূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসার পর অবশেষে তা অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ শনিবার সকালে সাভারের বলিয়ারপুর এলাকায় এই বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এই কথা জানান।
তিনি জানান, কেবল সাময়িকভাবে বর্জ্য অপসারণ নয়, ভবিষ্যতে কেউ যেন সড়কের পাশে আর ময়লা ফেলতে না পারে, সে জন্য সেখানে তারের বেড়া (ফেন্সিং) দিয়ে নিমগাছের চারা রোপণ করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমিনবাজারের পর থেকে হেমায়েতপুর পর্যন্ত এই এলাকাটি দীর্ঘদিন ধরে একটি ময়লার ভাগাড় হয়ে ছিল। এই এলাকা উত্তর সিটি করপোরেশন নাকি সাভার পৌরসভার অধীনে পড়বে তা নিয়ে একটা অভিভাবকহীন অবস্থা ছিল। এর ফলে যে যার ইচ্ছামতো এখানে ময়লা ফেলে যেত। এটি পরিষ্কার করা বা রোধ করার কেউ ছিল না।’
মীর শাহে আলম বলেন, ‘বিষয়টি আমার নজরে আসে। এ ছাড়া আপনারা জানেন, চার দিন আগে মাননীয় প্রধানমন্ত্রী এই সড়ক দিয়ে সিঙ্গাইরে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে যান, তখন তার নজরেও বিষয়টি আসে। এরপর তিনি আমাকে নির্দেশনা দেন। আমরা সভা করে সিদ্ধান্ত নিই যে ১ দশমিক ৮ কিলোমিটার রাস্তার সব ময়লা যৌথভাবে পরিষ্কার করবে কেরানীগঞ্জ উপজেলা, সাভার উপজেলা ও জেলা প্রশাসন। এখানে বালু ফেলে নেটিং করে নিমগাছ লাগানো হবে।’
এ সময় সাভার পৌরসভার জন্য একটি নির্দিষ্ট ডাম্পিং স্টেশন (বর্জ্য ফেলার স্থান) নির্মাণের কথা জানিয়ে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে সেখানে ময়লা ফেলার অনুরোধ জানান।
তিনি বলেন, ‘আমরা আগের সরকারের মতো বলব না যে বাংলাদেশকে সিঙ্গাপুর বা কানাডা বানাব। আমরা তা পারব না। তবে বাংলাদেশকে বসবাসযোগ্য এবং মানুষের শ্বাসপ্রশ্বাসের উপযোগী একটি পরিবেশ হিসেবে গড়ে তুলতে রাষ্ট্রের যা করা প্রয়োজন, তা আমরা করব।’
বর্ষা মৌসুমে বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা এবং সড়ক মেরামতে মন্ত্রণালয়ের উদ্যোগ জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, প্রতিবছর বর্ষাকালেই এমন সমস্যা দেখা দেয়। সংশ্লিষ্ট সব দপ্তরের সড়ক মেরামতের জন্য বরাদ্দ রয়েছে।
তিনি বলেন, ‘বৃষ্টির পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা দ্রুত সড়কগুলো সংস্কার করব। আমরা ক্ষমতায় আসার পর থেকেই জলাবদ্ধতা নিরসন এবং পানি নিষ্কাশনের ড্রেন বা মুখগুলো পরিষ্কার করার বিষয়ে কাজ করছি।’

